কুষ্টিয়ায় গৃহবধূকে এসিড নিক্ষেপ
কুষ্টিয়ার কুমারখালীতে ‘অনৈতিক সম্পর্কের প্রস্তাবে রাজি না হওয়ায়’ এক গৃহবধূকে এসিডে ঝলসে দিয়েছে এক দুর্বৃত্ত।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুমারখালী শেরকান্দি এলাকায় এ ঘটনার পর ওই গৃহবধূকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকুল উদ্দিন বলেন, ওই নারীর মুখের একাংশ, পিঠ ও ঘাড় দগ্ধ হয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এসিড আক্রান্ত গৃহবধূ এখন শঙ্কামুক্ত বলে জানান তিনি।
কুমারখালী থানার ওসি মহিবুল হক জানান, ওই এলাকার আবুল কালামের ছেলে আলামিন (২৬) ওই গৃহবধূকে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দিয়ে আসছিল। এতে সাড়া না দেওয়ায় দুপুরে ওই গৃহবধূ বাসা থেকে দোকানে যাওয়ার পথে সবার সামনেই তাকে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায় আলামিন।
স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে বলে জানান ওসি।
