টেকনাফ স্থলবন্দরে নৌ শ্রমিকদের ধর্মঘট
মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) নির্যাতন ও হয়রানির প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে টেকনাফ স্থলবন্দরের নৌ- শ্রমিকরা।
টেকনাফ স্থলবন্দর ইমিগ্রেশন বিভাগের এসআই সাইফুল ইসলাম সবুজ জানান, বৃহস্পতিবার সকাল থেকে নৌ শ্রমিকদের ধর্মঘটের কারণে বাংলাদেশ ও মিয়ানমারে ব্যবসায়ীদের যাতায়ত বন্ধ রয়েছে।
টেকনাফ বোট মালিক সমবায় সমিতির আহবায়ক আব্দুল করিম জানান, প্রতিদিন বৈধ কাগজপত্র নিয়ে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন ইমিগ্রেশন জেটি থেকে মিয়ানমারের মংডু শহরে ব্যবসায়ীদের আনা-নেওয়ার কাজ করে থাকে ট্রলার পরিবহন শ্রমিকরা। কিন্তু, বিজিপি সদস্যরা ট্রলারের মাঝি ও শ্রমিকদের নির্যাতন ও মারধরসহ নানা হয়রানি করে থাকে।
“সর্বশেষ ২৯ সেপ্টেম্বর মিয়ানমারের মংডু ঘাটে বিজিপির সদস্যরা বাংলাদেশের ট্রলারের মাঝি ও শ্রমিকদের মারধর করে।
“ওই ঘটনায় মোহাম্মদ ইসমাইল নামে এক শ্রমিক বর্তমানে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।”
বিভিন্ন সময় নির্যাতন ও ২৯ সেপ্টেম্বরের হামলার প্রতিবাদে শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছে বলে জানান আব্দুল করিম।
বিজিবি টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আবদুল হান্নান খান বলেন, বিষয়টি তিনিও শুনেছেন। বিজিবির পক্ষ থেকে এ বিষয়ে সমাধানের জন্য চেষ্টা চলছে।
