শেরপুরের সড়ক দুর্ঘটনায় দাদি-নাতনি নিহত
শেরপুরে ঝিনাইগাতী উপজেলায় বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী দাদি ও নাতনি নিহত হয়েছেন, আহত হন আরও দুইজন।
বৃহস্পতিবার সকালে শেরপুর-ঝিনাইগাতী সড়কের বগাডুবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান ঝিনাইগাতী থানার ওসি মিজানুর রহমান।
নিহতরা হলেন, ওই উপজেলার বন্দভাটপাড়া গ্রামের আমজাদ আলীর স্ত্রী মন্ডা বেগম (৪৫) ও তার পাঁচ বছরের নাতনি ওসমান আলীর শিশু মেয়ে উর্মি আক্তার।
আহত জুঁই ও সুফিয়াকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, সকাল সোয়া ১০টার দিকে শেরপুর থেকে ঝিনাইগাতীগামী আশা আশিক নয়ন এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি।
