গাজীপুরে বাস-ভ্যানের মাঝে পড়ে নিহত ২
গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় কভার্ডভ্যান ও বাসের মাঝখানে পড়ে দুই যুবকের মুত্যু হয়েছে।
নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. বাহার আলম জানান, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কিশোরগঞ্জের টোকারকান্দি গ্রামের বরজু মিয়ার ছেলে মাছ ব্যবসায়ী শিবলী মিয়া (৩০) ও ময়মনসিংহের যাত্রাডি গ্রামের আক্কাছ আলীর ছেলে নাসির উদ্দিন (২৮)।
পুলিশ প্রথমে এদের একজনকে পথচারী এবং আরেকজনকে রিকশাচালক বলেছিল। কিন্তু তারা দুজনই মাছ ব্যবসায়ী বলে পরে নিশ্চিত করে পুলিশ।
উপপরিদর্শক বাহার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা গাজীপুরগামী বলাকা পরিবহনের বাসটি ভোগড়া মোড় পার হওয়ার সময় নারায়ণগঞ্জ থেকে টাঙ্গাইলগামী কভার্ড ভ্যানটির সঙ্গে সংঘর্ষ হয়।
“এ সময় দুই বাহনের মধ্যে চাপা পড়ে মারা যান রিকশায় থাকা ওই দুই মাছ ব্যবসায়ী।”
পুলিশ তাদের লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান তিনি।
এসআই বাহার জানান, তারা স্থানীয় মাছের আড়তে এসছিলেন। সেখান থেকে রিকশায় ফেরার পথে দুর্ঘটনায় পড়েন।
দুর্ঘটনার পরপরই বাস ও ভ্যান চালক তাদের বাহন ফেলে পালিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
