নরসিংদীতে যুবককে গুলি করে হত্যা
নরসিংদীতে এক যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার বিকালে শহরের বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান নরসিংদী সদর মডেল থানার ওসি কে এম আবুল কাসেম।
নিহত শাহআলম (৩২) ওই এলাকার কাসেম মিয়ার ছেলে।তিনি এলাকায় রং মিস্ত্রীর কাজ করতেন।
ওসি বলেন, “এলাকার কিছু যুবক শাহআলমকে একটি মোবাইল ফোন কিনে দিতে বলে। শাহআলম দিতে রাজি না হওয়ায় বিকালে স্থানীয় ইসলাম, জুয়েল, সনেট, ইবলি, মাসুদ ও ইয়াছিন তাকে বাড়ি থেকে ডেকে এনে তিন রাউন্ড গুলি করে।
“শাহআলমের মাথায় ও বুকে গুলি লাগলে তিনি মাটিতে পড়ে যান। পরে তারা ধারাল অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায়।”
গুরুতর অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান পুলিশ কর্মকর্তা আবুল কাসেম।
