ফরিদপুরে সংঘর্ষ: হাসপাতালে যুবকের মৃত্যু
মেমোরি কার্ড বেচা-কেনা নিয়ে ফরিদপুরের সালথায় দুপক্ষের সংঘর্ষে আহত এক যুবক হাসপাতালে মারা গেছেন।
সালথা থানার ওসি ডিএম বেলায়েত হোসেন জানান, মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আবুল হোসেনের (২২) মৃত্যু হয়।
আবুল সালথা উপজেলার গট্টি ইউনিয়নের দাড়িয়াকান্দি গ্রামের আব্দুল মালেক শেখের ছেলে।
ওসি বলেন, মঙ্গলবার সকালে উপজেলার গট্টি ইউনিয়নের দাড়িয়াকান্দি বাজারে মেমোরি কার্ড বেচা-কেনা নিয়ে স্থানীয় ওয়াদুদ মাতব্বরের সমর্থক টুকু সর্দারের সঙ্গে নুরুদ্দীন মেম্বারের সমর্থক লাল মিয়ার কথা কাটাকাটি হয়।
এর জেরে দুপক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। পরে পুলিশ গিয়ে ২১ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি।
তিনি বলেন, আহতদের মধ্যে ওয়াদুদ মাতুব্বারের সমর্থক আবুল হোসেনকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপালে ভর্তি করা হলে রাতেই তার মৃত্যু হয়।
আবুল হোসেনের লাশ ঢাকা মেডিকেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে ফরিদপুর আনা হবে বলে জানান ওসি।
ওসি বেলায়েত আরও জানান, মঙ্গলবার সংঘর্ষের ঘটনায় জড়িত অভিযোগে ফরিদ শেখ (৩২), মঙ্গল মোল্লা (৩৮), রাশেদ (৩৮), ইচাহাক (৩২), ওহিদ খান (২২), আর্শেদ (৩৫), রাকিবুল (২৮), নবীন শেখ (৩০), বাবুল মাতুব্বার (২৫), অপু শেখ (১৮), ছালাম মাতুব্বার (৫০) ও বতু শেখকে (২৫) আটক করা হয়েছে।
সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও তিনি জানান।
