২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে কথিত বন্দুকযুদ্ধে ‘দস্যুপ্রধান’ নিহত

বাগেরহাটে সুন্দরবনের একটি খালে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন, যাকে বনদস্যু দলের নেতা বলা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2015, 10:46 AM

Updated : 22 Aug 2022, 01:21 PM

বুধবার ভোরে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের আমগাছিয়ার খালে গোলাগুলির এ ঘটনা ঘটে বলে র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান।

তিনি বলেন, নিহত আক্কাস ওরফে রহিম ওরফে জামাই সুন্দরবনের দস্যু ‘সাগর-সৈকত বাহিনীর’ প্রধান ছিলেন। তার বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায়।

“গোলাগুলির পর ঘটনাস্থল থেকে পাঁচটি কাটা রাইফেল, তিনটি একনলা বন্দুক, দুটি দোনলা বন্দুক, চারটি ওয়ান শ্যুটারগান, একটি এয়ারগান, বিভিন্ন অস্ত্রের প্রায় একশটি গুলি, ধারালো অস্ত্র, চাঁদার রশিদসহ বেশকিছু মালামাল উদ্ধার করা হয়েছে।”

মেজর আদনান জানান, র‌্যাবের একটি নিয়মিত টহলদল দুবলার চর ক্যাম্পে যাওয়ার পথে আমগাছিয়ার খালে পৌঁছে বনে টর্চের আলো ফেললে দস্যুরা গুলি করে।

“এ সময় র‌্যাব সদস্যরা পাল্টা গুলি চালালে প্রায় ৪৫ মিনিট পর পিছু হটে দস্যুরা। পরে সেখানে একজনের মরদেহ এবং অস্ত্র ও গুলি পাওয়া যায়। স্থানীয় জেলেরা মরদেহটি বনদস্যু ‘সাগর-সৈকত বাহিনীর’ প্রধান আক্কাস ওরফে রহিমের বলে সনাক্ত করেছে।”

‘সাগর-সৈকত বাহিনীর’ বিরুদ্ধে জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগ রয়েছে বলে জানান তিনি।

আকাশের লাশ ও অস্ত্র-মালামাল শরণখোলা থানায় পাঠানো হয়েছে।