বঙ্গবন্ধুকে কটূক্তির অভিযোগে বরিশাল সিটির ২ কর্মকর্তা বরখাস্ত
বঙ্গবন্ধু ও তার পরিবারকে নিয়ে কটূক্তি করায় বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) দুই সড়ক পরিদর্শককে সাময়িক বরখাস্ত ও আরেক সড়ক পরিদর্শককে অন্য শাখায় বদলি করা হয়েছে।
বরখাস্ত দুই কর্মকর্তা হলেন- বিসিসির সড়ক পরিদর্শক জাহাঙ্গীর হোসেন ও সাজ্জাদ হোসেন।
এছাড়া সড়ক পরিদর্শক রেজাউল কবিরকে কর আদায় শাখায় বদলি করা হয়েছে।
মঙ্গলবার বিকালে তাদের বরখাস্ত ও বদলির এই আদেশ দেওয়া হয় বলে জানিয়েছেন বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রনজিৎ কুমার।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সড়ক পরিদর্শক জাহাঙ্গীর ও সাজ্জাদ বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেছেন বলে মঙ্গলবার স্থানীয় একটি দৈনিক পত্রিকায় খবর প্রকাশিত হয়।
“এরপর প্রাথমিক তদন্তে এই দুই কর্মকর্তা সোমবার দুপুরে নগর ভবনের উচ্ছেদ শাখায় বসে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেছেন বলে প্রমাণ পাওয়ার পর তাদের সাময়িক বরখাস্ত করা হয়।”
একই ঘটনায় সড়ক পরিদর্শক রেজাউলকে কর আদায় শাখায় বদলি করা হয়।
এছাড়া ঘটনা তদন্তে সচিব খন্দকার আনোয়ার হোসেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ রেজাকে নিয়ে দুই সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান বিসিসির প্রধান নির্বাহী রনজিৎ।
তবে কটূক্তির ঘটনায় নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করে বদলি হওয়া রেজাউল করিব বলেন, “কটূক্তিকারীরা বিএনপি-জামায়াত সমর্থক। নগর ভবনের উচ্ছেদ শাখায় বসে তারা বঙ্গবন্ধু ও তার পরিবারকে নিয়ে কটূক্তি করলে আমি তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদ জানিয়েছি। ”
কিন্তু বিসিসি মেয়র বিএনপি সমর্থিত হওয়ায় তাকে বিনা দোষে কর আদায় শাখার বিল সহকারী হিসেবে বদলি করেছেন বলে অভিযোগ করপোরেশনের সদ্য সাবেক এই সড়ক পরিদর্শকের।
এ বিষয়ে মেয়র আহসান হাবিব কামাল বলেন, “এ ঘটনায় প্রধান নির্বাহীকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। যারা দোষী তারাই শাস্তি পাবেন। এখানে আওয়ামী লীগ বা বিএনপি নেই।”
