গাজীপুরে বোন হত্যার দায়ে ভাইয়ের ফাঁসির রায়
প্রায় সাড়ে তিন বছর আগে বোনকে হত্যার ঘটনায় করা মামলায় ভাইকে ফাঁসির আদেশ দিয়েছে গাজীপুরের আদালত।
দণ্ডপ্রাপ্ত মো. জহিরুল ইসলাম কালু (৩৬) শ্রীপুর উপজেলার বরমী গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে।
মঙ্গলবার সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক এ আদেশ দেন।
ফাঁসির আদেশের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা জরিমানাও করেছে আদালত।
মামলার অভিযোগপত্রে বলা হয়, ২০১২ সালের ৫ মার্চ সকালে সম্পত্তির লোভে নয় মাসের অন্তঃসত্ত্বা ফারজানা আক্তার নার্গিসকে ধারালো ছুরির আঘাতে হত্যা করে জহিরুল।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমদ জানান, বাবা জমি লিখে দিতে অস্বীকৃতি জানালে জহিরুল ক্ষিপ্ত হয়ে বোনকে হত্যা করে।
হারিছ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বরমী মধ্যপাড়া এলাকার মো. আসাদুজ্জামান আজাদের স্ত্রী ফারজানা আক্তার নার্গিস ২০১২ সালের ৪ মার্চ সন্তান প্রসবের পাশের বাবার বাড়ি আসেন।
“বাবার কাছ থেকে জমি লিখে নিতে না পেরে পর দিন সকালে জহিরুল তার বোন নার্গিসের কক্ষে ঢুকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে।”
নিহতের স্বামী আসাদুজ্জামান ওই দিনই শ্রীপুর থানায় একটি হত্যামামলা করেন। একই বছরের ১ মে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. সাহাবুদ্দিন মোড়ল।
