নোয়াখালীতে হামলায় আহত তরুণের মৃত্যু
নোয়াখালী সদর উপজেলায় দুর্বৃত্তদের হামলায় আহত এক তরুণ ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহত মিজানুর রহমান (২০) কাদির হানিফ গ্রামের ইয়াকুব আলীর ছেলে।
সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় গুরুতর আহত হওয়ার পর রোববার রাতে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিজানুর রহমান।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এমব্রয়ডারি মেশিন অপারেটর মিজানুর রহমান বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হলে একই এলাকার সামছুল হকের ছেলে জীবন ও তার চার সহযোগী তাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে।
“ওই এলাকার এক মেয়ের সাথে মিজানের প্রেমের সম্পর্ক থাকার জের ধরে তার ওপর হামলা হয় বলে জানা গেছে।”
সোমবার বিকেলে ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি আনোয়ার হোসেন।
