২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর জন্মদিনে গণভবনে মিলাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৮তম জন্মদিন উপলক্ষে গণভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া আওয়ামী লীগ, এর সহযোগী সংগঠনের পক্ষ থেকেও নানা কর্মসূচি পালিত হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2015, 10:22 PM

Updated : 22 Aug 2022, 01:18 PM

রোববার ৬৯ বছরে পা দিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেসউইংয়ের ফেইসবুক পাতায় জানানো হয়, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সন্ধ্যায় গণভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি তার দক্ষ নেতৃত্ব দেশ যাতে আরও এগিয়ে যায় সেজন্য দোয়া করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানাসহ পরিবারের সব সদস্যের জন্যও মাহফিলে বিশেষ দোয়া করা হয়।

গণভবন ও প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি পালন করে। এছাড়া মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে শেখ হাসিনার জন্মদিন উদযাপন করে।

বিকেল ৪টায় বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। ঢাকেশ্বরী মন্দির ও প্যাগোডা, গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের পক্ষে এতিমখানাসহ দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

এদিকে কর্মসূচির অংশ হিসেবে বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে মিলাদ-মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

শেখ হাসিনার ৬৯তম জন্মদিনে সু্প্রিম কোর্ট আইনজীবী সমিতির উত্তর হলে সোমবার দুপুরে কেক কাটেন আইনজীবীরা।

বার কাউন্সিলের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ূন, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক লায়েকুজ্জামান মোল্লা, সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন, আজহারুল্লাহ ভূঁইয়া, আওসাফুর রহমান বুলু।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট পরিবারের সবাই হত্যাকাণ্ডের শিকার হলেও বিদেশে থাকায় বেঁচে যান দুই বোন শেখ হাসিনা ও শেখ রেহানা।

এরপর ১৯৮১ সালে দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন হাসিনা। গণআন্দোলনে এরশাদের পতনের পর গঠিত সংসদে বিরোধীদলীয় নেতার আসন নেন তিনি।

১৯৯৬ সালে সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের পর প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। ২০০৮ সালে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া শেখ হাসিনা ২০১৪ সালের নির্বাচনেও টানা দ্বিতীয়বারের মতো দেশর নেতৃত্ব জয় করেন।

দীর্ঘ সময় তার ক্ষমতায় থাকাকালে দারিদ্র্য বিমোচন অর্থনৈতিক ও তথ্যপ্রযুক্তি খাতে উন্নয়নে সারা বিশ্বে প্রশংসা পেয়েছে বাংলাদেশ।