২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন কর্মকর্তার দাবি ডাকাতি, পুলিশ বলছে চুরি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রোববার রাতে ফরেস্ট রেঞ্জ অফিসে প্রহরীকে বেঁধে মালামাল লুট করেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2015, 07:23 PM

Updated : 22 Aug 2022, 01:18 PM

তবে, পুলিশ বলছে সেখানে ডাকাতি হয়নি, চুরি হয়েছে।

দুর্বৃত্তরা নগদ টাকা, মোবাইল ফোন লুটপাট ও মূল্যবান নথিপত্র তছনছ করেছে বলেও কর্মকর্তারা দাবি করছেন।

ফরেস্ট অফিসের বিট কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, রাত আড়াইটার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ফরেস্ট রেঞ্জ অফিসে ১২-১৪ জনের একদল মুখোশধারী ‘ডাকাত’ দেশি অস্ত্র নিয়ে হামলা চালায়।

“তারা অস্ত্রের মুখে জিম্মি করে অফিসের পাহারা ঘরে অবস্থানরত প্রহরী অর্জুনচন্দ্র বর্মণ ও সতিন্দ্রচন্দ্র বর্মণকে মারধর করে এবং তাদের হাত-পা ও মুখ বেঁধে অফিসের গেটের তালা ভেঙ্গে ভেতরে ঢোকে।”

পরে তারা অফিসের আলমারির তালা ভেঙ্গে নথিপত্র তছনছ ও দুইটি দেয়াল ঘড়ি নিয়ে যায়। পরে তারা একই কায়দায় পাশে থাকা পুরাতন বিট অফিসে ঢোকে বলেও তিনি জানান।

তিনি বলেন, সেখানেও লুটপাট শুরু করলে মালি কাম গার্ড জাহাঙ্গীর আলম ও আরমান হোসেন তাদের বাধা দিলে ‘ডাকাতরা’ তাদেরকে মারধর ও জখম করে।

“ডাকাতরা ওই অফিসের আলমারি ভেঙ্গে নগদ প্রায় ২০ হাজার টাকা, দুটি মোবাইল ফোন লুট করে নেয়।

“আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।”

এ ব্যাপারে সোমবার দুপুরে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

বিট কর্মকর্তা আরও বলেন, “আমরা ডাকাতির অভিযোগ করলেও পুলিশ এটাকে চুরির ঘটনা বলে দাবি করছে।”

কালিয়াকৈর থানার ওসি মো. ওমর ফারুক বলেন, “ওটা ডাকাতি নয়, একটি চুরির ঘটনা। আমরা চুরির মামলা নিচ্ছি।”

বনের জমি নিয়ে স্থানীয়দের সঙ্গে বনবিভাগের ঝামেলা আছে। এর জেরেই ওই ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।