দোহারে করেন্ট জাল উদ্ধার, ৯ জেলের সাজা
ঢাকার দোহার উপজেলায় পদ্মা নদীতে মাছ শিকারের সময় তিন লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস এবং ৯ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দোহার থানার ওসি শেখ সিরাজুল ইসলাম বলেন, সোমবার বিকাল ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ম্যাজিস্ট্রেট মো. নরুল করিম ভূঁইয়া তাদের প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই জেলেরা নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রজনন মৌসুমে মা ইলিশ ধরছিলেন।
রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত দোহারের মৈনটঘাট, বাহ্রাঘাট, নারিশা ঘাটসহ বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালানো হয় বলে জানান তিনি।
“অভিযানে ৯ জেলেকে আটক এবং তাদের কাছ থেকে প্রায় তিন লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।”
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে সব জাল পুড়িয়ে ধ্বংস করা হয় বলে জানান ওসি সিরাজুল ইসলাম।
