২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্য পূরণে চাই অর্থ-প্রযুক্তি: প্রধানমন্ত্রী

জাতিসংঘে গৃহীত উন্নয়নের টেকসই লক্ষ্য (এসডিজি) পূরণে আন্তর্জাতিক সম্প্রদায়কে অর্থ, প্রযুক্তি ও ঋণ নিয়ে একযোগে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2015, 03:20 PM

Updated : 22 Aug 2022, 01:18 PM

রোববার জাতিসংঘ সদর দপ্তরে এসডিজি সম্মেলনের সমাপনী অধিবেশনে দেওয়া বক্তব্যে শেখ হাসিনা এ আহ্বান জানান বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে জানানো হয়।

প্রধানমন্ত্রী সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে বাংলাদেশের সাফল্য তুলে ধরে বলেন, এসডিজি সফলভাবে পূরণ করতে হলে আন্তর্জাতিক সহযোগিতার বিকল্প নেই।

“সব দেশের বাস্তবতা, সক্ষমতা এবং উন্নয়নের মাত্রা আমাদের চিহ্নিত করতে হবে। সব রাষ্ট্রের জাতীয় নীতি ও অগ্রাধিকারের বিষয়গুলোকে শ্রদ্ধা দেখানোও জরুরি। সব ধরনের অসমতা নিয়েই আমাদের আলোচনা করতে হবে।”

আন্তর্জাতিক বাণিজ্য ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করার উপরও জোর দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

২০০০ সালে গৃহীত এমডিজির গুরুত্ব অনুধাবন করার কারণেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে মন্তব্য করে তিনি বলেন, “গত ১৫ বছরে আমাদের প্রতিশ্রুতিগুলো পূরণে আমরা জনগণ ও সম্পদকে কাজে লাগিয়েছি। দারিদ্র্য দূরীকরণ, শিশুমৃত্যু ও সংক্রামক ব্যধিতে আক্রান্তের হার কমানো- এমডিজির এমন সব লক্ষ্য অর্জিত হওয়ায় আমরা আনন্দিত।”

বাংলাদেশের এই সাফল্যের পেছনে সরকারের রাজনৈতিক প্রতিশ্রুতি ও সহযোগিতামূলক নীতির কথাও শেখ হাসিনা তুলে ধরেন।

টেকসই উন্নয়নের লক্ষ্য (এজেন্ডা ২০৩০) এবং আদ্দিস আবাবা অ্যাকশন এজেন্ডা বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘শপথ’ নেওয়ার আহ্বান জানান শেখ হাসিনা।  

তিনি বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায়কে পুরো এজেন্ডা এবং এর সবগুলো লক্ষ্য পূরণে এগিয়ে আসতে হবে। আর্থিক, প্রযুক্তিগত ও সক্ষমতা অর্জনে সহায়তার পাশাপাশি আমাদের ঋণ প্রয়োজন।”

এসডিজি পূরণে বাংলাদেশের প্রস্তুতির অংশ হিসাবে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা এর সঙ্গে যুক্ত করা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী তার কার্যালয়ের তত্ত্ববধানে নতুন জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণের পরিকল্পনার কথা জানান।

তিনি বলেন, আসন্ন প্যারিস জলবায়ু সম্মেলনে চুক্তি হলে তা এসডিজি বাস্তবায়নে সহায়ক হবে।

“উন্নয়নের এই লক্ষ্যমাত্রা (এসডিজি) এবং নতুন জলবায়ু চুক্তি আমাদের বর্তমান ও ভবিষ্যত প্রজন্মকে সুরক্ষা দেবে, সেটা আমাদের নিশ্চিত করতে হবে।”

ব্রাজিল, ভেনেজুয়েলা, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, রাশিয়া, কাতার, মালদ্বীপ সিঙ্গাপুর, সৌদি আরবের রাষ্ট্র ও সরকার প্রধান এবং ইউরোপিয় ইউনিয়নের প্রতিনিধিও সমাপনী অধিবেশনে বক্তব্য দেন।