বগুড়ায় হাউস পরিষ্কারে নেমে ৩ শ্রমিকের মৃত্যু
বগুড়ার কাহালু উপজেলায় একটি পেপার মিলে টেস্ট হাউস পরিষ্কার করতে নেমে তিন শ্রমিক মারা গেছেন, অসুস্থ হয়েছেন অপর একজন।
সোমবার সকালে জোগারপাড়ায় ‘আজাদ পাল্প অ্যান্ড পেপার মিলে’ এই ঘটনা ঘটে বলে মিল কর্তৃপক্ষ ও পুলিশ জানিয়েছে।
মৃত তিন শ্রমিক হলেন কাহালুর ঝিনাই গ্রামের আব্দুল মাজেদের ছেলে হিরা (২৮), জোগারপাড়ার আব্দুল করিমের ছেলে আদর আলী (২২) ও শিবগঞ্জ উপজেলার পোড়াবাড়ির ইজার আলীর ছেলে শাহাদৎ হোসেন (১৯)।
ওই মিলের ম্যানেজার মোস্তাক আহমেদ জানান, ঈদের ছুটি শেষে সোমবার সকালে আজাদ পাল্প অ্যান্ড পেপার মিল চালু হয়।
“বেলা ১১টার দিকে অপারেটর হিরা মণ্ড তৈরির টেস্ট হাউস পরিষ্কার করতে নেমে অসুস্থ হয়ে পড়েন।
“এরপর একে একে অপর দুই শ্রমিক সেখানে নামলে তারাও অজ্ঞান হয়ে পড়েন।”
মোস্তাক আহমেদ জানান, ওই সময় অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
“এছাড়া উদ্ধার কাজের সময় কুদ্দস নামের অপর এক শ্রমিক অসুস্থ হয়েছেন। তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
এই ঘটনার পর মিলটি বন্ধ করা হয়েছে বলেও জানান তিনি।
বগুড়ার পুলিশ সুপার আসাদুজ্জামান, সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গাজিউর রহমান জানান, বিষাক্ত গ্যাসের কারণে ওই তিনজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
