রংপুরের প্রবীণ আইনজীবী মীর আলতাফ নেই
রংপুরের প্রবীণ আইনজীবী ও নাট্যকার মীর আলতাফ আলী (৮৭) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
তার বড় ছেলে অ্যাডভোকেট মীর আরশাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাবা রোববার রাত পৌনে ১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।”
রোববার সকাল ১০টায় বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে জানান তিনি।
বিকাল সাড়ে ৩টায় চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (আইসিইউ) ভর্তি করান। মৃত্যুর সময় তিনি সেখানেই ছিলেন বলে তার ছেলে জানান।
আইন পেশার পাশাপাশি মীর আলতাফ আলী রংপুর বেতারের একজন নাট্যকার, নাট্যশিল্পী ও নাট্য প্রযোজক ছিলেন।
তিনি দীর্ঘদিন রাজা রামমোহন ক্লাবের সভাপতির দায়িত্বও পালন করেন।
রংপুর বেতারের নাট্য প্রযোজক খন্দকার আবুল মাহমুদ জানান, কোরবানি ঈদের বিশেষ নাটকেও তিনি অভিনয় করেছিলেন।
রংপুর নগরীর গুপ্তপাড়ার বাসিন্দা মীর আলতাফ আলী স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, জাতীয় সংসদের বিরোধী দলের নেতা রওশন এরশাদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙা, রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু, রংপুর বেতারের আঞ্চলিক পরিচালক আবদুল হকসহ রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা পৃথক বিবৃতিতে তার আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
