ঢাকায় পুলিশের গাড়িতে বাসের ধাক্কা, আহত ৫
রাজধানীর উপকণ্ঠে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় একটি পুলিশ ভ্যানের তিন আরোহী আহত হয়েছেন।
রোববার রাত ১০টার দিকে সাইনবোর্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনায় বাস আরোহী দুজনও আহত হন।
এদের মধ্যে রয়েছেন যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক মনোজ প্রভাকর, নায়েক জাকির হোসেন ও আনসার সদস্য মো. জগলু। আহত অন্য দুজনের পরিচয় জানা যায়নি।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (শিক্ষানবিশ) তাপস মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশের পিকআপ ভ্যানের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুর্ঘটনা ঘটে। গাড়িতে পাঁচজন পুলিশ সদস্য ছিল।”
আহতদের মধ্যে পিকআপ ভ্যানের চালক নায়েক জাকিরের অবস্থা গুরুতর বলে জানান তিনি।
কোন বাসের সঙ্গে পিকআপ ভ্যানটির সংঘর্ষ হয়েছে বা কীভাবে হয়েছে, সে বিষয়ে পুলিশের কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এই বিষয়ে জানতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে যাত্রাবাড়ী থানার ওসি অবনী শংকর কর ‘এখন আহতদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করছি’ বলে এই কলটি কেটে দেন।
