ছুটি শেষে কর্মচঞ্চল বেনাপোল বন্দর
ঈদুল আজহায় কাজ চললেও ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরের কাজকর্ম স্বাভাবিক হয়ে উঠেছে।
সকালে ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয় বলে সংশ্লিষ্টরা জানান।
তবে, বেনাপোল শুল্ক ভবন, বন্দর কর্তৃপক্ষ, সিএন্ডএফ ও ট্রান্সপোর্ট এজেন্সির সব কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক এখনও না ফেরায় কাজ চলছে ধীর গতিতে।
বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল থেকে পেট্রাপোল ও বেনাপোল বন্দর দিয়ে পুরোদমে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
তিন দিনের ছুটিতে আমদানি-রপ্তানি ও খালাসকৃত পণ্য পরিবহন বন্ধ থাকায় এখন ব্যাপক পণ্যজট সৃষ্টি হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহ-সভাপতি নুরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুদেশের বন্দর এলাকায় শত শত পণ্য বোঝাই ট্রাক আটকে আছে।
আগামী রোববারের আগে বন্দরের কাজে স্বাভাবিক গতি ফিরে আসবে না বলে ধারণা তার।
“রোববার খোলা থাকলেও অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী অনুপস্থিত থাকায় শুল্ক বিভাগের কাজকর্ম ও আমদানি-রপ্তানি কিছুটা ব্যাহত হচ্ছে।”
ঈদের তিন দিন আগে পরে ট্রাক ও কভার্ড ভ্যান চলাচল বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তের কারণে মঙ্গলবারের আগে পণ্য বোঝাই ট্রাক হাইওয়েতে চলাচল করতে পারবে না।
এ কারণে বন্দর থেকে পণ্য খালাসের সম্ভাবনাও কম বলে জানান বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান।
তিনি বলেন, আমদানিকারকদের অনেকেই ঈদ উদযাপন করতে পরিবার-পরিজন নিয়ে গ্রামের বাড়ি যান। তারা ঢাকা না ফেরা পর্যন্ত কোনো পণ্য সরবরাহ করা যায় না।
“তাই আমদানি রপ্তানি ও পন্য খালাস প্রক্রিয়া স্বাভাবিক হতে আরও কয়েক দিন সময় লাগবে।”
বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল বলেন, ঈদের ছুটি ও ঈদের আগে পরে পণ্যবাহী ট্রাক চলাচলে বিধি-নিষেধ থাকায় বন্দরে আমদানি পণ্যের চাপে পণ্যজটের আশংকা রয়েছে।
এজন্য বন্দর হ্যান্ডেলিং শ্রমিকদের দ্রুত আমদানি পণ্য খালাসের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বেনাপোল শুল্ক ভবনের সহকারী কমিশনার সিরাজুল ইসলাম বলেন,
দেশের শিল্প কারখানার ৭০ শতাংশ কাঁচামাল ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে আমদানি হয়ে থাকে।
“একটানা বন্ধ থাকায় ব্যবসায়ীরা শিল্প কারখানায় জরুরি কাঁচামাল সময়মত নিতে পারেনি। এই পণ্যজট কমাতে অফিস আওয়ার বাদেও বাড়তি সময় ও ছুটির দিনে কাজ করে যাবেন শুল্ক কর্মকর্তারা।”
ভারতের পেট্রাপোল বন্দর সিএন্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কার্ত্তিক চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টানা ছুটির কারণে আমদানি-রপ্তানি বাধাগ্রস্ত হওয়ায় পেট্রাপোল বন্দর থেকে বনগাঁ পর্যন্ত রাস্তার ধারে রপ্তানি পণ্য নিয়ে বেনাপোল বন্দরে ঢোকার অপেক্ষায় কয়েক হাজার ট্রাক দাঁড়িয়ে রয়েছে।
এই কারণে পেট্রাপোল বন্দর এলাকায় ট্রাকজট সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।
