২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পশুর হাট ছাড়া সব বর্জ্য অপসারিত: খোকন

কোরবানির পশুর হাট ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় জবাই করা পশুর সব বর্জ্য অপসারণ করা হয়েছে বলে দাবি করেছেন মেয়র সাঈদ খোকন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2015, 04:32 PM

Updated : 25 Apr 2022, 01:55 PM

কোরবানির ঈদের দুদিন পর রোববার বিকালে সিটি করপোরেশনের সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

সাঈদ খোকন বলেন, কোরবানির পশুর হাট ছাড়া সব এলাকার বর্জ্য অপসারণ করা হয়েছে। সম্পূর্ণ বর্জ্য অপসারণ না হওয়া পর‌্যন্ত পরিচ্ছন্নতাকর্মীরা মাঠে কাজ চালিয়ে যাবেন।

দক্ষিণের মেয়র বলেন, “পশুর হাটে খুঁটি রয়েছে এবং ওই সব হাটে পশুর কিছু বর্জ্যও রয়েছে। ওগুলো আজ (রোববার) রাতের মধ্যে সরানো শেষ হবে।”

কী পরিমাণ বর্জ্য অপসারণ করা হয়েছে জানতে চাইলে সাঈদ বলেন, “আমাদের ধারণা ছিল ১৮ হাজার মেট্রিক টন বর্জ্য হবে। ইতিমধ্যে ১৬ হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে।

“তিন দিন পশু কোরবানি হয়ে থাকে। প্রথম দিন ও দ্বিতীয় দিনের বর্জ্য ‘অন টাইমে’ অপসারণ করা হয়েছে। “

তৃতীয় দিনে কোরবানি হওয়া পশুর বর্জ্যও শিগগিরই অপসারণ করা হবে বলে জানান তিনি।

হাটের নির্ধারিত জায়গার বাইরেও কোরবানির পশু রাখার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মেয়র বলেন, “মানবিক দিক বিবেচনায় কিছুটা নমনীয় ছিলাম। সামনে এই সব বিষয়ে দৃষ্টি রেখে ব্যবস্থা নেওয়া হবে।”