২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় দিনও চলছে কোরবানি

কোরবানির ঈদের প্রথম দিনে ব্যস্ততার কারণে এবং পারিবারিক রেওয়াজ মেনে রাজধানীতে অনেকেই দ্বিতীয় দিনে পশু জবাই করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2015, 05:48 PM

Updated : 22 Aug 2022, 01:17 PM

ইসলামের রীতি অনুযায়ী, ঈদ-উল আযহার তিন দিন অর্থাৎ হিজরি মাস জিলহজের ১০, ১১ ও ১২ তারিখ অর্ধ দিবস পর্যন্ত পশু কোরবানি করা যায়।

কোরবানির দ্বিতীয় দিনে শনিবার সকালে রাজধানীর স্বামীবাগ লেইন, লক্ষ্মীবাজার, মোহাম্মদপুর, উত্তরা ও ধানমণ্ডিসহ বিভিন্ন এলাকায় বাসার সামনে পশু কোরবানি দিতে দেখা যায়।

নারিন্দার শাহ সাহেব লেনের ব্যবসায়ী শাহনুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিন দিন ধরে কোরবানি করা যায়, এটা আমাদের রেওয়াজ।”

এই ব্যবসায়ী জানান, রাজধানীর মধ্যে পুরান ঢাকাতে দ্বিতীয় দিন অনেকেই কোরবানি দেন।

মোহাম্মদপুরের তাজমহল রোডের বাসিন্দা আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈদের দিন কসাই পাওয়ার ঝামেলা থাকে। পাওয়া গেলেও ঠিকমত কাজ করে না। এক কসাই অনেক জায়গায় কাজ নেয়। এজন্য আমি সব সময় দ্বিতীয় দিন কোরবানি দেই।”

আদাবরের বাসিন্দা শাহিনুর বললেন, দ্বিতীয় দিন কোরবানি দেওয়া তাদের পরিবারের দীর্ঘ দিনের রেওয়াজ।

“ঈদের দিন আমরা সবাই একসাথে কাটাই। অন্য কোনো ব্যস্ততা রাখা হয় না। এজন্য দ্বিতীয় দিন কোরবানি দেই।”

“আমি ছোটবেলা থেকে দেখে আসছি, আমাদের পরিবার এভাবে কোরবানি দেয়। আমিও তাই আজ দিচ্ছি।”

তবে উত্তরা দক্ষিণখান এলাকার বাসিন্দা কাজী আনোয়ার সাদাত জানালেন, ঈদের দিনের ব্যস্ততার কারণে তিনি দ্বিতীয় দিন পশু কোরবানি দিচ্ছেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের এই আলোকচিত্রী বলেন, “ঈদে বঙ্গভবনে রাষ্ট্রীয় অনুষ্ঠান থাকে। সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যস্ত থাকতে হয়। এজন্য আমি দ্বিতীয় দিন কোরবানি দেই।”