নিহত কোন দেশের কত- সৌদি ‘চুপ’
সৌদি আরবের মিনায় হজের আনুষ্ঠানিকতার মধ্যে পদদলনের ভয়াবহ ঘটনার পর একদিন পেরিয়ে গেলেও হতাহতদের মধ্যে ঠিক কতজন বাংলাদেশি রয়েছেন, সে বিষয়ে সরকারিভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে মিনায় ‘শয়তানের স্তম্ভে’ পাথর ছুড়তে যাওয়ার পথে পদদলনের এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বৃহস্পতিবার রাত পর্যন্ত ৭১৭ জন নিহত এবং আরও অন্তত ৮৬৩ জনের আহত হওয়ার খবর দেয় সৌদি সিভিল ডিফেন্স। এরপর গত ২৪ ঘণ্টায় সেই সংখ্যার কোনো নড়চড় হয়নি।
বৃহস্পতিবার রাতেই জামালপুর ও সুনামগঞ্জের দুই নারী এবং ফেনীতে ভাই-বোনের মৃত্যুর খবর পাওয়ার কথা পরিবারের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়। শুক্রবার দিনাজপুর থেকে পাওয়া যায় আরও একজনের মৃত্যুর খবর।
এছাড়া আহত ও নিখোঁজ বাংলাদেশিদের বিভিন্ন ধরনের তথ্য গত দুদিন ধরে দেশের সংবাদমাধ্যমে আসছে, যার কোনোটিরই সত্যতা নিশ্চিত করতে পারেনি সরকার।
সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীদের তত্ত্বাবধানে থাকা ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাহাঙ্গীর আলম শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশে পরিবারের কাছে মৃত্যুর খবর গেছ্ আমরাও শুনেছি। কিন্তু কোন দেশের কতজন হতাহত আছেন, সে তথ্য সৌদি সরকার এখনও প্রকাশ করেনি।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “গত দুই দিনে প্রায় দুইশ বাংলাদেশিদের নিখোঁজ হওয়ার অভিযোগ এসেছে। কিন্তু তাদের অনেকেই মুজদালিফা থেকে নিখোঁজ হয়েছেন, মিনায় নয়। এরকম আগেও হয়েছে; কেউ হয়ত নিখোঁজ হলেন, পরে আবার তার খোঁজ পাওয়া গেছে।
“সুতরাং তাদের মধ্যে কতজন হতাহতদের মধ্যে আছেন- তা নিশ্চিত করে বলা যায় না।”
সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাতেই সৌদি সরকার হতাহতদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশে গভীর রাতে বা শনিবার সকালে তা জানা যাবে।
সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের হজ বিষয়ক ফার্স্ট সেক্রেটারি জহিরুল ইসলামের বরাত দিয়ে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, উৎকন্ঠিত আত্মীয়স্বজনদের অভিযোগের ভিত্তিতে তারা ৯২ জনের তালিকা তৈরি করে, তাদের বিষয়ে অনুসন্ধান করছেন। কিন্তু নিশ্চিত কোনো তথ্য তারা পাননি।
এখনও হজের আনুষ্ঠানিকতা চলছে জানিয়ে তিনি বিবিসিকে বলেন, “পুরো মক্কায় এখন প্রচুর যানজট- এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে যাওয়া খুবই সময়সাপেক্ষ ব্যাপার। তার মধ্যেই দূতাবাসের কর্মকর্তারা বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ঘুরে তথ্য সংগ্রহের চেষ্টা করছেন।''
আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি সরকার এখনও তথ্য না দিলেও বিভিন্ন দেশ নিহতদের মধ্যে তাদের নাগরিক থাকার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে।
এর মধ্যে ইরান ১৩১ জনকে তাদের নাগরিক বলেছে; মরক্কো তাদের ৮৭ নাগরিকের নিহত হওয়ার কথা বলেছে।
এছাড়া ভারত ১৪, মিশর ৮, পাকিস্তান ৭, তুরস্ক ৪ এবং আলজেরিয়া, কেনিয়া ও ইন্দোনেশিয়ার তিনজন করে নিহত হয়েছে বলে দেশগুলোর পক্ষ থেকে তথ্য দেয়ার কথা বলেছে আরব নিউজ।
