২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশা দেখাচ্ছে হাকালুকি

অবহেলা, অব্যবস্থাপনায় প্রায় মরতে বসেছিল। গাছ, পাখি, মাছ কোনো কিছুই ছাড় পায়নি নিধন থেকে। মৃতপ্রায় সেই  হাকালুকি হাওড় আবার নিঃশ্বাস নিতে শুরু করেছে। সেই সঙ্গে নিজেদের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখছেন এর সঙ্গে জড়িয়ে যাওয়া হাজারো মানুষ। 

রিয়াজুল বাশার

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2015, 08:29 PM

Updated : 12 Oct 2022, 04:14 PM

পুরনো খবর:

রাতারগুল ঘিরে পরিকল্পনা

স্থানীয়রা বললেন, এই প্রাণ ফিরে পাওয়ার পেছনে জনগণকে সম্পৃক্ত রেখে স্থানীয় সরকারের নানা উদ্যোগ বাহবা পাওয়ার দাবি রাখে।

ফেঞ্চুগঞ্জের বাদেদেউলির বাসিন্দা ৬৬ বছরের আব্দুল মজিদ। জন্ম-বেড়ে ওঠা তার সবই এই হাওড় ঘিরে।

আলাপচারিতায় বললেন, “একসময় হাকালুকি হাওড়ে অসংখ্য গাছপালা ছিল। পাখি ও মাছের অভয়াশ্রম ছিল। মুক্তিযোদ্ধারা গাছের ঘন অরণ্যে আশ্রয় নিতেন। কিন্তু আশির দশক থেকে শুরু হয় দুর্বৃত্তায়ন। বনের কাঠ কেটে, পাখি ও মাছ নিধন করে হাওড়কে নিঃশেষ করে ফেলা হয়েছিল। এর উপর প্রকৃতি ও জীববৈচিত্র সংরক্ষণে সরকারি উদ্যোগ না থাকায় হাকালুকি প্রায় মরতে বসেছিল।”

তবে অতীত নিয়ে হতাশা থাকলেও বর্তমান নিয়ে আশাবাদী হয়ে উঠছেন সীমান্তরক্ষী বাহিনীর এই সাবেক সদস্য।

তিনি বলেন, “স্থানীয় সরকার ও জনগণের উদ্যোগে হাকালুকি আবার তার সোনালী অতীতে ফিরে পেতে শুরু করেছে।”

এ পর্যন্ত দেশের যে ১৩টি এলাকাকে প্রতিবেশগত সঙ্কটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে তার মধ্যে হাকালুকিও রয়েছে। ১৯৯৯ সালে সরকার এই হওড়কে প্রতিবেশগত সঙ্কটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করে। তারপর থেকেই মূলত হাওড় বাঁচানোর কাজ শুরু হয়।

তবে গত তিন বছরে এ হাওয়ের চেহারা আমূল বদলে গেছে বলে জানালেন হাকালুকি হাওড় সঙ্কটাপন্ন এলাকা ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মকর্তা নাজিম হোসেন শেখ।

Image
ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Image
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তিনি বলেন, “পাহাড়ি পানি প্রবাহের সঙ্গে প্রচুর পলি আসায় এ হাওড়ের খাল-বিল ও নদী প্রবাহ বন্ধ হয়ে গিয়েছিল। দীর্ঘদিন ধরে তার কোনও সংস্কার করা হয়নি।

“গত তিন বছরে বিভিন্ন বিলের নয়টি এলাকা চিহ্নিত করে সেখানে খনন করা হয়েছে। শুকনো মৌসুমেও সেখানে আট থেকে ফুট পানি থাকায় প্রজনন অব্যাহত রয়েছে। এর ফলে মাছ ও পাখিসহ জলাভূমি অভয়াশ্রম তৈরি হয়েছে।”

বর্ষায় হাকালুকি হাওড়ের আয়তন ৩৯ হাজার ৩৯৪ হেক্টর। তবে শুকনো মৌসুমে বিভিন্ন বিলে মিলে ৬ হাজার হেক্টর জলাভূমি থাকলেও তা জলাভূমি অভ্রায়শ্রমের জন্য যথেষ্ট নয়।

তাই খনন করে আরও অভ্রায়শ্রম তৈরির জন্য সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানান নাজিম শেখ।

হাকালুকি হাওড়ে ২৩৮টি খাস বিলসহ মোট ২৭৬টি বিল রয়েছে, নদী প্রবাহ রয়েছে ৬টি। এছাড়া অসংখ্য পাহাড়ি ছড়া এসেও মিলেছে এটিতে।

হাকালুকিকে ঘিরে পরিবর্তন এসেছে কিনা- জানতে চাওয়া হলে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক (সদর দপ্তর) একেএম রফিকুল ইসলাম বলেন, “সবচেয়ে বড় পরিবর্তন হল সচেতনতা সৃষ্টি হয়েছে। উপলব্ধি এসেছে- এই হাওড়কে বাঁচাতে হবে।

“আর কাঠামোগত পরিবর্তন হল হাওড় রক্ষার জন্য এর চারিদিকের মানুষকে সংগঠিত করা হয়েছে।”

রফিকুল ইসলাম বলেন, গত কয়েক বছরে হাকালুকিতে প্রায় দুই লাখের মতো গাছ লাগানো হয়েছে; যা জলাবনের সৃষ্টি করেছে। নতুন অভ্রায়াশ্রম ও বন সৃষ্টির ফলে পাখি বেড়েছে বলেও জানান তিনি।

“কয়েকবছর আগেও এখানে মাত্র কয়েকটি কালেম পাখি পাওয়া গিয়েছিল। কিন্ত এখন এখানে কয়েক হাজার কালেম রয়েছে।”

হাওড় রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে গ্রাম সংরক্ষণ দল-ভিসিজি। ২৮টি ভিসিজি দল সার্বক্ষণিকভাবে পালাক্রমে হাওড় পাহাড়া দিচ্ছে। স্থানীয় দরিদ্র মানুষ বিশেষ করে মৎজীবী, দিনমজুর ও কৃষকদের নিয়ে গড়া প্রতিটি ভিসিজিতে রয়েছে ৩০ থেকে ৫০ জন সদস্য।

হাওড় রক্ষার বিনিময়ে এসব দলের সদস্যরা সরকারের কাছ থেকে নানা ধরনের সুবিধাও পাচ্ছে।

Image
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Image
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সমবায় অধিদপ্তরে নিবন্ধিত এসব ভিসিজি সরকার থেকে অনুদান হিসেবে ক্ষুদ্র মূলধন দেওয়া হয়েছে; যে মূলধন থেকে সদস্যরা ঋণ নিয়ে তা পরিশোধ করতে পারবে এবং মূলধন বড় করারও সুযোগ থাকবে।

বাদেদেউলি এলাকার ভিসিজির সম্পাদক হেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগের চেয়ে হাওড়ে অনেক পরিবর্তন এসেছে। অভয়াশ্রম তৈরি হওয়ায় জেলেরা প্রচুর মাছ পাচ্ছে। আগের চেয়ে পাখিও বেড়েছে।”

তবে শুকনো মৌসুমে বিলের ওপড় জেলেদের অবাধে মাছ ধরার অধিকারও চান তারা।

তিনি জানান, শুকনো মৌসুমে জলাভূমির পানি ব্যবহার না করেই হাওড়ে যাতে ফসল ফলানো যায় সে বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে।

পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম জানালেন, ইতোমধ্যে হাওড় এলাকায় তিনটি সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প চালু করা হয়েছে, যা থেকে ৯০ একর জমিতে ধান অথবা ১৯০ একর জমিতে সবজি চাষ করা সম্ভব হচ্ছে।  ভবিষ্যতে আরও সেচ পাম্প করা হবে।

এছাড়া হাওড়ে তীর রক্ষায় পরিবেশ ও প্রতিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বাঁধ তৈরি হয়েছে, যা বর্ষা মৌসুমে ডুবে থাকলেও জলের প্রচণ্ড ঢেউ থেকে কূলকে রক্ষা করে।

তবে হাওড়কে পরিবেশবান্ধব করতে হলে এর উপর নির্ভরশীল মানুষদের জীবন-মানের উন্নয়ন ঘটাতে হবে বলে মনে করেন রফিকুল।

তিনি বলেন, “যখন-তখন যেন মাছ ধরতে না হয়, জলাভূমির পানি থেকে যেন ফসলে সেচ দিতে না হয়, এসব বিষয়ে নির্ভরশীলতা কমাতে হবে। বিলের উপরও এদের অধিকার দেওয়া যেতে পারে।”