রাতারগুল ঘিরে পরিকল্পনা
কয়েক বছর আগেও অনেকটা অগোচরে ছিল প্রাকৃতিক জলাবন রাতারগুল। এর আগে কয়জনইবা শুনেছে এর নাম। তবে এরমধ্যেই বাংলাদেশে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে জায়গা করে নিয়েছে এটি।
আর জীববৈচিত্র্য ও বন রক্ষা করেও কীভাবে পর্যটকদের এখানে টেনে আনা যায় তা নিয়ে চলছে সরকারের পরিকল্পনা।
সিলেট শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে গোয়াইনঘাট উপজেলায় প্রায় ৫০৪ একর আয়তনের বনভূমি নিয়ে রাতারগুল প্রাকৃতিক জলাভূমির এই বন। রাতারগুল বহু বছরের পুরনো হলেও গণমাধ্যমের কল্যাণে গত চার-পাঁচ বছরে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে।
সিলেট বন বিভাগের সহকারী বন সংরক্ষক রাজেশ চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েকবছরে রাতারগুল নিয়ে প্রচারের ফলে পর্যটক আসার হার বিপুল পরিমানে বেড়েছে।
“পর্যটক বৃদ্ধির অন্যতম কারণ, এতবড় জলাভূমি দেশে দ্বিতীয়টি নেই। এই আকর্ষণেই অনেকে আসছেন এখানে।”
ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
স্থানীয় মাঝি সোনা মিয়া নৌকা চালাতে চালাতে যেমন বললেন, “দেখেন, সব দিকে পর্যটক ঘুরে বেড়াচ্ছে। তাহলে বনের প্রাণীরা অবাধে বিচরণ করবে কি করে?”
পরিবেশ অধিদপ্তরে হিসাবে, রাতারগুলে ৭৩ প্রজাতির উদ্ভিদ, ২০ প্রজাতির সরীসৃপ, ২৬ প্রজাতির স্তন্যপায়ী, ৯ প্রজাতির উভচর, এবং ১৯৫ প্রজাতির পাখির অস্তিত্ব পাওয়া যায়। আর শীতকালে সমাগম ঘটে হাজার হাজার অতিথি পাখির।
রাতারগুলে বানর, বিভিন্ন প্রজাতির বিষধর ও বিষহীন সাপ, মেছো বাঘ, বন বিড়াল, বেজি ইত্যাদি দেখা দেয়া। পখির মধ্যে রয়েছে সারস, ডুপি, পানকৌড়ি, ডাহুক, বক, শালিক, ঐক্কা, কাক, কোকিল, টিয়া, ময়না, হুতুমপেচা, ঈগল প্রভৃতি।
বনের পরিবেশ ও প্রতিবেশ বজায় রাখতে গত মে মাসে রাতারগুল জলাভূমিকে ‘বিশেষ জীববৈচিত্র সংরক্ষণ এলাকা’ হিসেবে ঘোষণা করে সরকার।
রাজেশ চাকমা বলেন, “আমাদের এখন প্রধান পরিকল্পনা এ বনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করায় মানুষকে আমরা বাধা দিতে পারি না। তবে বনের পরিবেশ ও প্রতিবেশ যাতে নষ্ট না হয় সেদিকটাতেও লক্ষ্য রাখতে হবে।
“আমরা পরিকল্পনা করছি, পর্যটকদের ঘোরার জন্য নির্দিষ্ট রুট ঠিক করে দেওয়া হবে। তার বাইরে তারা যেতে পারবে না।”
সম্প্রতি জঙ্গল ও বন্যপ্রাণি দেখার জন্য একটি ওয়াচ টাওয়ার নির্মাণ করেছে সরকার।
স্থানীয় মানুষের বনজ সম্পদের নির্ভরশীলতাও রাতারগুলকে হুমকির মুখে ফেলেছে। তাই তাদের অর্থনৈতিকভাবে কীভাবে লাভবান করা যায় তা নিয়েও ভাবছে সরকার।
রাজেশ চাকমা বলেন, “স্থানীয় মানুষ ও সরকার মিলিয়ে সহ-ব্যবস্থাপনা কমিটি এখানে নেই। আমরা স্থানীয়দের নিয়ে এখন কমিটি করবো।”
সংরক্ষিত বনের আশেপাশে বেত বা অন্যান্য যেসব অর্থকরী উপাদান রয়েছে সেসব ইতোমধ্যেই সহ-ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসা হয়েছে। এসব পণ্য বিক্রি করে ৪৫ শতাংশ স্থানীয়দের, ৪৫ শতাংশ সরকারের ও ১০ শতাংশ বন সৃজনের কাজে লাগানো হচ্ছে।
রাতারগুলে গাছের মধ্যে রয়েছে, হিজলকরচ, বন্য বট, বন্য জাম, জারুল, লাটিমসহ বিভিন্ন প্রজাতির গাছ ও লতাগুল্ম।
রাজেশ চাকমা জানান, আরও গাছ লাগিয়ে ঘন বন সৃজনের পরিকল্পনাও রয়েছে তাদের। এরফলে যেসব জায়গায় বন পাতলা রয়েছে সেখানে ঘনত্ব বাড়বে এবং পশুপাখির খাবারও বৃদ্ধি পাবে।
পূর্ববঙ্গ রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন ১৯৫০ এর আলোকে রাতারগুলকে অধিগৃহীত বন হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তীতে ১৯৫১, ১৯৬৬ ও ১৯৬৭ সনে নোটিফাইড বন ঘোষণা করা হয়।
১৯৮৫ সনে এর ব্যাপক অংশকে ঘোষণা করা হয় সংরক্ষিত বন হিসেবে।
