২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের দিনেও ‘ঈদযাত্রা’

ঈদের দিনেও ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2015, 01:43 PM

Updated : 22 Aug 2022, 01:17 PM

যানজটের শঙ্কা আর বিভিন্ন কাজে আটকা পড়ে যারা আগে গ্রামের বাড়ি যেতে পারেননি, তাদের কাছে ঈদের দিন বেশি ভাড়া পেয়ে পরিবহন ব্যবস্থাপকরাও ‘খুশি’।

শুক্রবার সকালে গাবতলী ও কল্যাণপুর ঘুরে দেখা যায়, গাড়ির সংখ্যা কম হলেও বেশ কিছু যাত্রী ভিড় করে আছেন কাউন্টারে।

কল্যাণপুরের শ্যামলী পরিবহনের কাউন্টার ব্যবস্থাপক কামরুজ্জামান জানালেন, সকাল থেকে রংপুর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী রুটে তাদের তিনটি গাড়ি ছেড়ে গেছে।  

বিকেলের দিকে আরও ২০-৩০টি গাড়ি ছাড়া হবে জানিয়ে তিনি বলেন, “গাড়ি ছাড়লে যাত্রীও পাওয়া যাচ্ছে।”

ঈদের আগে দুই দিনই উত্তরবঙ্গের পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটে ভুগতে হয়েছে যাত্রীদের। জটের কারণে টার্মিনাল থেকে বাস ছাড়তেও দেরি হয়েছে। শুক্রবার ঈদের দিন সে দুর্ভোগ নেই।

কামরুজ্জামান বলেন, “গত কয়েকদিনে জ্যাম ঠেলে যারা যাননি কিংবা কাজে আটকা পড়েছিলেন, তারা আজ যাচ্ছেন।”

হানিফ পরিবহনের কাউন্টার ব্যবস্থাপক সেলিম শিকদার জানান, সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত তারা পাঁচটি গাড়ি ছেড়েছেন।

“অনেকেই দুপুরের পর মাংস নিয়ে বাড়ির উদ্দেশ্যে যায়। এ কারণে দুপুরের পরে যাত্রী আরও বাড়বে।”

গাবতলীতে সাইফ এন্টারপ্রাইজের কাউন্টার ব্যবস্থাপক জহিরুল ইসলাম জুয়েল জানান, রংপুর রুটে সকাল থেকে তাদের দুটি গাড়ি ছেড়ে গেছে।

ঈদের দিন ‘বেশি ভাড়া’ নেওয়ার কথা স্বীকার করে জহিরুল ইসলাম বলেন, “এতো কষ্ট করে যাত্রী পাঠাচ্ছি। আবার ফিরতি ট্রিপও নাই। ভাড়া একটু বেশি না নিলে আমরা চলবে কীভাবে।”