২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে হাসিনা-মোদী বৈঠক

জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক হয়েছে। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2015, 10:05 PM

Updated : 12 Oct 2022, 04:14 PM

বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে নিউ ইয়র্কের হোটেল ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়ায় এই বৈঠক করেন দুই নেতা।

বৈঠকের পরপরই ভারতীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে টুইটারে এর ছবি শেয়ার করা হয়। তাতে লেখা হয়, “প্রতিবেশী এবং একজন মূল্যবান বন্ধুর সঙ্গে বৈঠকের পর..।”

পরে আরেক টুইটে বলা হয়, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আরেকটি ফলপ্রসূ বৈঠক। আমরা বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আলোচনা করেছি।”

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে স্থানীয় সময় বুধবার রাতে নিউ ইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী মোদীও একই হোটেলে উঠেছেন।

এর আগে গত ১৯ অগাস্ট নয়া দিল্লিতে সর্বশেষ বৈঠক হয়েছিল দুই নেতার। বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব দিয়ে শেখ হাসিনা ওই সাক্ষাতে বলেছিলেন, বিশাল বাজারকে কাজে লাগাতে পারলে প্রতিবেশী এ দুই দেশ ‘বড় কিছু’ করতে পারে।

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায়ের শেষকৃত্যে অংশ নিতে সে সময় দিল্লি গিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

গত জুন মাসে নরেন্দ্র মোদীর ঢাকা সফরে দুই দেশের ঐতিহাসিক স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের পথ তৈরি হয়, মীমাংসা হয় দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ছিটমহল সমস্যার।

এর মধ্য দিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে বলে দুই দেশের পক্ষ থেকেই বলা হয়েছে।

এবার কোরবানির ঈদের দিনটি প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রেই কাটবে। ঈদের সন্ধ্যায় (বাংলাদেশ সময় শুক্রবার ভোরে) লাগার্ডিয়া ম্যারিয়ট হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে তার শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে।

১১ দিনের এই সফরে যুক্তরাষ্ট্র ও চীনের প্রেসিডেন্টের সঙ্গেও তার দ্বিপক্ষীয় বৈঠক করারও কথা রয়েছে।