ঢাকায় ভারত মিশনের দায়িত্বে আসছেন হর্ষ বর্ধন শ্রিংলা
বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের পর চলতিবছর শেষে পঙ্কজ শরণ যখন ঢাকা ছাড়বেন, তার জায়গায় দেখা যেতে পারে হর্ষ বর্ধন শ্রিংলাকে, যিনি বর্তমানে থাইল্যান্ডে দায়িত্ব পালন করছেন।
দার্জিলিংয়ের সন্তান শ্রিংলাকে ভারতের কূটনেতিক দপ্তরের একজন ‘উদীয়মান তারকা’ হিসেবে দেখা হয়। তিন দশকের ক্যারিয়ারে প্যারিস, হ্যানয় ও তেল আবিবে ভারতীয় মিশনে দায়িত্ব পালন করেছেন তিনি।
নিউ ইয়র্কে জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনে মিনিস্টার/কাউন্সেলর এবং হো চি মিন সিটি ও ডারবানে কনসাল জেনারেল হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।
২০১২ সালের জুলাই মাসে ঢাকা দূতাবাসের দায়িত্ব নিয়ে বাংলাদেশে আসা পঙ্কজ শরণের সময়ই দুই দেশের মধ্যে ছিটমহল বিনিময়ের ঐতিহাসিক কার্যক্রম শুরু হয়। আগামীতে তাকে মস্কোর ভারতীয় দূতাবাসে দেখা যেতে পারে।
এক সময় ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দায়িত্ব পালন করা শরণ তার বাংলাদেশের মেয়াদে বহু ভিআইপি সফর সামাল দিয়েছেন। দুই দেশের মধ্যে বিভিন্ন চুক্তির ক্ষেত্রেও তাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হয়েছে।
যিনি তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন, সেই হর্ষ বর্ধন শ্রিংলা এক সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব হিসেবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, মিয়ানমার ও মালদ্বীপের বিষয়গুলোর দেখভাল করেছেন।
মন্ত্রণালয়ের জাতিসংঘ ও সার্ক বিভাগ ছাড়াও নেপাল ও ভুটান এবং পশ্চিম ইউরোপ বিভাগে কাজের অভিজ্ঞতা রয়েছে তার।
দিল্লির সেন্ট স্টিফেনস কলেজের স্নাতক শ্রিংলা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার আগে ভারতের করপোরেট ও সেবা খাতে কাজ করেছেন।
গতবছর ১৯ জানুয়ারি তাকে থাইল্যান্ডে ভারতীয় রাষ্ট্রদূত এবং ইউএনইএসসিএপি’তে স্থায়ী প্রতিনিধির দায়িত্ব দেওয়া হয়।
কেবল বাংলাদেশ, থাইল্যান্ড বা রাশিয়া নয়, আরও বেশ কিছু মিশনে পরিবর্তন আনছে নরেন্দ্র মোদীর সরকার।
গৌতম ভোম্বলকে ভুটান থেকে পাঠানো হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রদূত করে। মান্দারিন ভাষায় পারদর্শী ভোম্বলকে চীনের বিষয়ে একজন বিশেষজ্ঞ বলা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসা সৈয়দ আকবরউদ্দিন জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি অশোক মুখার্জির স্থলাভিষিক্ত হচ্ছেন। অবশ্য তার আগে আকবরউদ্দিনকে চলতি বছর ইন্ডিয়া-আফ্রিকা সম্মেলন আয়োজনের বিষয়টিও দেখতে হবে।
