পটুয়াখালীতে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ১
পটুয়াখালীতে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ অন্তত ছয় জন আহত হয়েছেন।
বাউফল থানার এসআই নাসিরউদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুরে বাউফল উপজেলার নাজিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ রাজু সিকদারকে (৬০) বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
আহতরা হলেন, নাজিরপুর গ্রামের বাসিন্দা ও নাজিরপুর ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য মো. সিরাজ, সালাম মৃধা, মতলেব মৃধা, আলতাব মৃধা ও শাহজাহান হাওলাদার।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই নাসির বলেন, স্থানীয় ইউপি নির্বাচন নিয়ে সিরাজ ও সালামের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে দুপুরে এ দুজনের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়।
“এক পর্যায়ে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।”
তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে সালাম মৃধাকে আটক করেছে।
আটক আহত সালাম মৃধাকে হাসপাতালে না কি থানায় রাখা হয়েছে তা জানা যায়নি।
এছাড়া আহত অন্যদেরও কোনো হাসপাতালে ভর্তি করা হয়েছে কি না তাও তাৎক্ষণিকভাবে পুলিশ জানাতে পারেনি।
