কর্মকারদের কুটির শিল্পে তালিকাভুক্তির প্রস্তাব
কোরবানির ঈদ মানেই পশু কেনার সঙ্গে তাল মিলিয়ে চলে দা, ছুরি, বটিসহ লোহার তৈরি নানা ধারালো সরঞ্জমের কেনাকাটা।
দিন পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ঐতিহ্যবাহী এসব সরঞ্জাম তৈরিতে কামারদের পাশাপাশি আধুনিক যন্ত্রপাতিও ব্যবহৃত হচ্ছে। আমদানি হচ্ছে নানা আকারের ও নামের উন্নতমানের ধারালো বস্তু।
তারপরও কামারদের হাতে তৈরি ঐতিহ্যবাহী জিনিসের কদর এখনও রয়েছে।
বিষয়টিকে মাথায় রেখেই জয়পুরহাটের বিসিক কর্তৃপক্ষ কামার সম্প্রদায়ের কারিগরদের ক্ষুদ্র ও কুটির শিল্পের তালিকাভুক্ত করার প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছে।
আসন্ন ঈদ-উল-আজহাকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচ উপজেলায় দুই শতাধিক হাট-বাজার ও সাত শতাধিক কামারশালা ব্যস্ত হয়ে যায় বরাবরের মতো।
বিভিন্ন বাজারে সরেজমিনে গিয়ে লোহার তৈরি কাটাকুটির বিভিন্ন জিনিসপত্রের দোকানগুলোতে ক্রেতাদের বেশ ভিড় দেখা গেছে।
তারা জানান, আজকাল যান্ত্রিক যুগে এসব জিনিসপত্র তৈরি হচ্ছে মেশিনে। ফলে পেশা পরিবর্তন করেছেন এ পেশার অনেক কামার শিল্পী।
তারপরও পেটের দায়ে বাপ-দাদার এ পেশায় কাজ করে তারা জীবিকা চালিয়ে যাচ্ছেন বলে জানান।
তবে, এখনও কামারদের ব্যবসা ভালো। বছরের অন্যান্য সময় কাজ কমবেশি থাকলেও কোরবানিকে কেন্দ্র করে অনেক দোকান ও ব্যক্তির কাছ থেকে কাজের ভালো অর্ডার পেয়েছেন বলে জানান তারা।
ঈদুল আজহাকে সামনে রেখে ছুরি-বটি-দা-কুড়াল আর চাকুর ব্যবসা জমে উঠেছে। বিভিন্ন নাম ও আকারের এসব ধারালো অস্ত্র প্রয়োজন অনুযায়ী নিয়ে যান ক্রেতারা।
জবাই ছুরি, সাইট ছুরি, চামড়া ছাড়ানো চাকু, হাড় কাটার চাইনিজ কুড়াল, রাম দা ও চাপাতি এসব অস্ত্রের মধ্যে উল্লেখযোগ্য।
পাঁচবিবি উপজেলার ছাতিনালী বাজারের সুশীল কর্মকার, কালাই উপজেলার মোলামগাড়ীহাটের নিলু কর্মকারসহ কয়েকজন কর্মকার জানান, প্রতিটি জবাই করা বড় ছুরির দাম ২০০ থেকে ৫০০ টাকা, চামড়া ছাড়ানো চাকু ও ছুরির দাম ৭০ থেকে ১০০ টাকা, হাড় কাটার জন্য কুড়াল ও দায়ের দাম ২৫০ থেকে ৩৫০ টাকা এবং আকার ভেদে বটির দাম ১৫০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।
ক্ষেতলাল উপজেলার ফকিরপাড়া গ্রামের ক্ষিতিশ চন্দ্র কর্মকার, আক্কেলপুর উপজেলার মুকিমপুর গ্রামের রতন কর্মকারসহ জেলার বিভিন্ন এলাকার কর্মকাররা জানান, এক সময় ৪০ থেকে ৪৫ টাকায় এক বস্তা কয়লা পাওয়া যেত, এখন তা ১৮০ থেকে ২০০ টাকায় কিনতে হচ্ছে।
এ বছর দা-বটি, ছুরি-চাকুর মূল্য সামান্য বাড়লেও অন্যান্য দ্রব্যমূল্যের হারে বাড়েনি। তারপরও মোটামুটি লাভে থাকায় তারা বেশ খুশি বলে জানান।
জয়পুরহাট বিসিকের উপ-ব্যবস্থাপক আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারি পৃষ্টপোষকতা থাকলে কামার শিল্পকে একটি টেকসই শিল্প হিসেবে গড়ে তোলা সম্ভব।
“তবে ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থায় (বিসিক) কামার সম্প্রদায়ের কারিগরদের তালিকাভুক্ত করার প্রস্তাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।”
