সদরঘাটে রাতভর অপেক্ষা
স্বজনদের সঙ্গে ঈদ করতে বাড়ির পথে রওনা হওয়ার পর ঢাকার সদরঘাটে লঞ্চ না পেয়ে চরম ভোগান্তি পোহাতে হয়েছে কয়েক হাজার যাত্রীকে।
বুধবার সারা দিনে সদরঘাট থেকে ১৩৫টি লঞ্চ দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেলেও তিন থেকে চার হাজার যাত্রীকে টার্মিনাল ও পন্টুনে রাত কাটাতে হয়েছে।
বৃষ্টি ভেজা টার্মিনালে শত শত নারী ও শিশু সকাল হওয়ার অপেক্ষায় ঠিকমত বসার জায়গাও পাননি।
পটুয়াখালীর যাত্রী শেফালী বেগম রাত ৮টার দিকে সদরঘাটে আসেন স্বামী, ননদ ও দুই সন্তানকে সঙ্গে নিয়ে। ঘাটে পৌঁছে তারা জানতে পারেন, পটুয়াখালীর শেষ লঞ্চটিও টার্মিনাল ছেড়ে গেছে।
এক নম্বর পন্টুনে পরিবারের সদস্যদের নিয়ে তিন ঘণ্টা অপেক্ষার পর রাত ১১টার দিকে বরিশালগামী কীর্তনখোলা-২ লঞ্চে ওঠেন শেফালী। সেখান থেকে তারা অন্য কোনোভাবে পটুয়াখালী যাওয়ার চেষ্টা করবেন।
এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিএ’র পরিবহন পরিদর্শক (টিআই) সৈয়দ মাহফুজুর রহমান জানান, জামাল-৫ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় পটুয়াখালীর উদ্দেশ্যে সদরঘাট ছেড়ে যায়। এরপর ওই রুটের আর কোনো লঞ্চ ছিল না।
কেবল পটুয়াখালী নয়, অন্যান্য রুটের যাত্রীদেরও লঞ্চ না পেয়ে রাতে পন্টুনে অপেক্ষায় থাকতে দেখা যায়।
বিআইডব্লিউটিএ’র টিআই মো. হুমায়ুন কবীর বলেন, “তিন থেকে চার হাজার যাত্রীকে সারা রাত টার্মিনাল ও পন্টুনে অপেক্ষা করতে হয়েছে। তারা হয় সময়মত আসতে পারেননি, নয়তো ভিড়ের মধ্যে লঞ্চে উঠতে পারেননি। বৃষ্টির মধ্যে নারী ও শিশুদের অনেক কষ্ট হয়েছে।”
রাতে যারা অপেক্ষায় ছিলেন, ভোরে লঞ্চ আসার পর তারা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে হুমায়ুন কবীর জানান।
হেদায়েত উল্লাহ সরকার নামের আরেকজন পরিবহন পরিদর্শক জানান, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ৩৫টি লঞ্চ সদরঘাট থেকে ছেড়ে গেছে, যা অন্য দিনের তুলানায় বেশি।
ভোরে যাত্রীর চাপ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর চাপ অনেকটা কমে এসেছে বলে জানান তিনি।
কোতোয়ালি জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার মুহাম্মদ আহাদুজ্জামান মিয়া বলেন, “যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলাবাহিনীর সঙ্গে সমম্বয় করে পুলিশ কাজ করে যাচ্ছে।”
