উত্তরের পথে দীর্ঘ জট
ঈদের আগের দিন গাড়ির চাপ, বিরূপ আবহাওয়া, দুর্ঘটনা আর কোরবানির পশুবাহী ট্রাক বিকল হয়ে ঢাকা থেকে উত্তর জনপদের পথে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ যানজট।
গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে টাঙ্গাইলের গোড়াই পর্যন্ত ৩৫ কিলোমিটার সড়কে গাড়ি যেন চলছেই না। কালিয়াকৈর নবীনগর মহাসড়কে চন্দ্রা থেকে নবীনগর পর্যন্ত ২১ কিলোমিটার সড়কের চিত্রও মোটামুটি একই রকম।
শুক্রবার কোরবানির ঈদ সামনে রেখে কয়েক লাখ লোক বুধবার অফিস ছুটির পর থেকে ঢাকা ছেড়েছেন। ফলে রাতে দফায় দফায় বৃষ্টির মধ্যে বিপুল সংখ্যক গাড়ির চাপে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মহাসড়কের বিভিন্ন স্থানে জট তৈরি হয়েছে।
এরই মধ্যে বিভিন্ন স্থানে কোরবানির পশুবাহী ট্রাক বিকল হয়ে এবং দুর্ঘটনায় যানজট প্রকট আকার ধারণ করে।
গাজীপুর ট্রফিক বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন জানান, শেষরাতে টাঙ্গাইলের জামুরকি এলাকায় একটি ট্রাক ও বাসের সংঘর্ষ হলে ওই পথে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
এর প্রভাব পড়ে চন্দ্রা, সাভারের জিরানী, আশুলিয়া, গাজীপুরের সফিপুর, কোনাবাড়ি, চান্দনা-চৌরাস্তা ও ভোগড়া বাইপাস মোড় পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে।
এই পরিস্থিতিতে যানবাহগুলোকে ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। রাতভর যানজটে গাড়ির ভেতরে ভুগতে হয়েছে উত্তরবঙ্গগামী যাত্রীদের।
বৃহস্পতিবার ভোরের দিকে টাঙ্গাইল সদরের রসুলপুরে একটি বাস বিকল হয়। এ ঘণ্টাখানেক পর পশুবাহী একটি ট্রাক বিকল হয় গোড়াইল এলাকায়।
সকাল সাড়ে ৮টার দিকে গাড়ি চলতে শুরু করলেও গতি খুবই কম। স্বাভাবিকভাবে যখানে প্রতি মিনিটে ২০-২২টি গাড়ি চন্দ্রা এলাকা অতিক্রম করত, এখন তা অর্ধেকে নেমে এসেছে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত ১০ কিলোমিটার সড়কেও ট্রাকসহ বিভিন্ন রকম যানবাহন চলায় গাড়ি এগোচ্ছে ধীর গতিতে।
এদিকে যারা আগের রাতে বাড়ির পথে রওনা হননি, তাদের অনেকে বৃহস্পতিবার সকাল থেকে ঢাকার বাস টার্মিনাল, রেল স্টেশন ও লঞ্চঘাটে ভিড় করতে শুরু করেছেন। আবহাওয়া খারাপ থাকায় যানবাহনে ওঠার আগেই তাদের দুর্ভোগ শুরু হয়ে যাচ্ছে।
