সদরঘাটে উপচেপড়া ভিড়
ঈদের ছুটির আগে শেষ কর্মদিবসে রাজধানীর সদরঘাটে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে।
বুধবার সকালেই সদরঘাটে ভিড় করেন দক্ষিণাঞ্চলের যাত্রীরা। দুপুরের দিকে কিছুটা বিরতি দিয়ে ফের শুরু হয় যাত্রীর চাপ। বিকাল হতে না হতেই সদরঘাটের পন্টুনে যেন দাঁড়ানোর ঠাঁই নেই।
মাইকে ঘোষণায় কোন পন্টুনে কোন লঞ্চ আছে তা বলে যায় নৌপুলিশ। লঞ্চের অবস্থান লেখা ব্যানারও টাঙানো হয়।
কিন্তু মানুষের গাদাগাদিতে পন্টুনের একপাশ থেকে অন্যপাশে যাওয়া অনেকটা দুরূহ হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
বিআইডব্লিউটিএর পরিবহন পরির্দশক (টিআই) মো. হেদায়েত উল্লাহ সরকার বলেন, “বিকাল ৩টার পর থেকে যাত্রীর চাপ খুব বেড়ে গেছে।”
বিকাল ৫টা পর্যন্ত ৪০টি লঞ্চ সদরঘাট থেকে ছেড়ে গেছে জানিয়ে তিনি বলেন, “গতকাল ১১০টি লঞ্চ ছেড়ে গেছে। আজ আরও বেশি লঞ্চ ছেড়ে যাবে।”
ঈদ করতে ভোলায় গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে সদরঘাটে আসেন ফয়সাল নামের এক কাপড় ব্যবসায়ী। বাড়ি যাবেন বলে বুধবার দোকান খোলেননি বলে জানান তিনি।
“কিন্তু এতো চাপ যে পন্টুনে যেতে পারছি না,” সদরঘাটের প্রবেশমুখে দাঁড়িয়ে বলেন তিনি।
সদরঘাট থেকে যাত্রী নিয়ে গন্তব্যে পথে।
লঞ্চের ডেকে কাঁথা-কাপড় বিছিয়ে সোয়া-বসার জায়গা করে নিয়েছেন যাত্রীরা।
এমভি সুন্দরবন গ্রুপের মহাব্যবস্থাপক আবুল কালাম ঝন্টু বলেন, “বিকাল থেকে যাত্রী নামতে শুরু করেছে। আগামীকাল বিকাল পর্যন্ত যাত্রীর চাপ থাকবে।”
দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে স্ত্রী-সন্তানকে নিয়ে সদরঘাটে ছুটে আসেন হাজারো মানুষ।
এদের একজন বরিশালের মুলাদীর মহসীর জানান, বাড্ডা থেকে অটোরিকশা নিয়ে এসেছেন তারা। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় পর্যন্ত আসার পর পুলিশ গাড়ি আটকে দেওয়ায় ভারি ব্যাগ ও দুই বাচ্চা নিয়ে তাদের প্রচণ্ড কষ্ট করতে হয় সদরঘাটে পৌঁছাতে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আবুল হাসান বলেন, “এই রাস্তা সকাল থেকে চালূ ছিল। যাত্রীরা সদরঘাট পর্যন্ত আসতে পারত। কিন্তু পরবর্তীতে যানজট এতো প্রকট হয় যে, পুরো এলাকায় একটি গাড়িও চলছিল না।
“পরে বাধ্য হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে যাত্রীরা হেঁটে হলেও সদরঘাটে আসতে পারছেন।”
মহানগর পুলিশের কোতোয়ালি জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মুহাম্মদ আহাদুজ্জামান মিয়া বলেন, “এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”
যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলার দায়িত্বে থাকা সব বাহিনীর সঙ্গে সমম্বয় করে কাজ করছেন তারা।
