পাবনায় জামাতার ছুরিতে আহত আ. লীগ নেত্রীর মৃত্যু
পাবনা শহরে জামাতার ছুরির আঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় আওয়ামী লীগের এক নেত্রীর মৃত্যু হয়েছে।
পাবনা সদর থানার ওসি আহসানুল হক জানান, মঙ্গলবার বিকালে ছুরির আঘাতে আহত হওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তিনি মারা যান।
শাশুড়িকে ছুরিকাঘাত করার পর নূরজাহানের জামাতা আবদুল্লাহ আল মামুন পালিয়ে যান স্থানীয়দের বরাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান এই পুলিশ কর্মকর্তা।
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামসুন নাহার রেখা বলেন, নূরজাহানের জামাতা আবদুল্লাহ আল মামুন স্ত্রীসহ নূরজাহানের দক্ষিণ রাঘবপুর এলাকার বাসাতেই থাকতেন।
মঙ্গলবার বিকালে জামাতা মামুন নূরজাহানের কাছে ৫০ হাজার টাকা চায়। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হলে মামুন নূরজাহানের বুকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
গুরুতর জখম অবস্থায় দ্রুত উদ্ধার করে তাকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে এবং পরে অবস্থার অবনতিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানান মৃতের এই রাজনৈতিক সহকর্মী।
ওসি আহসানুল বলেন, এ ঘটনায় বুধবার বিকাল পর্যন্ত কোনো মামলা না হলেও পুলিশ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিচ্ছে।
