সচিব হলেন তিন কর্মকর্তা
জনপ্রশাসনের তিন জন ভারপ্রাপ্ত সচিবকে সচিব পদোন্নতি দিয়ে সচিব করেছে সরকার।
তারা হলেন- পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব কানিজ ফাতেমা, প্রাইভেটাইজেশন কমিশনের ভারপ্রাপ্ত সদস্য পরিক্ষিৎ দত্ত চৌধুরী এবং ত্রাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. শাহ কামাল।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এই তিন কর্মকর্তাকে সচিব হিসাবে পদোন্নতি দিয়ে প্রথমে ওএসডি করলেও আলাদা আদেশে তাদের আগের দপ্তরেই পদায়ন করা হয়েছে।
এই তিন কর্মকর্তাকে নিয়ে জনপ্রশাসনে বর্তমানে জ্যেষ্ঠ সচিব, সচিব এবং সচিব পদমর্যাদার কর্মকর্তার সংখ্যা দাঁড়িয়েছে ৭২ জন।
১৯৮২ বিসিএস নিয়মিত ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা কানিজ ফাতেমা গত ১৭ ফেব্রুয়ারি পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পান।
এর আগে তিনি বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক, শিক্ষা মন্ত্রণালয়াধীন উচ্চ শিক্ষা মানোন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব), পরিকল্পনা বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব; চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক এবং দুর্নীতি দমন কমিশনের পরিচালকের দায়িত্বে ছিলেন।
১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা শাহ কামাল গত ২৩ মার্চ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পান।
এর আগে তিনি স্থানীয় সরকার বিভাগের উপ সচিব ও যুগ্ম সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছাড়াও নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পালন করেন।
২২ যুগ্ম-সচিবের দপ্তর বদল
চামড়া শিল্প নগরীর প্রকল্প পরিচালক যুগ্ম-সচিব মো. সিরাজুল হায়দারকে গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠিয়ে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক মোছা. হাজেরা খাতুনকে ওএসডি করা হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন যুগ্মসচিব মো. জামাল হোসাইনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সচিব মো. মোজাহিদ হোসেনকে পরিবেশ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
ওএসডি যুগ্মসচিব জগদীশ চন্দ্র বিশ্বাসকে শ্রম মন্ত্রণালয়ে, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোফাজ্জল ও বিএফআইডিসির জিএম এ কে এম মাহবুবুর রহমান জোয়ারর্দারকে ওএসডি করা হয়েছে।
বাংলাদেশ তাঁত বোর্ডের সদস্য এন এম জাহাঙ্গীর হোসেন, রাজশাহী রেশন উন্নয়ন বোর্ডের সদস্য হিসাবে বদলির আদেশাধীন মলয় কুমার রায় এবং এবং আইএমইডির যুগ্মসচিব পান্না লাল চৌধুরীকে ওএসডি করা হয়েছে।
ওএসডি যুগ্মসচিব আবু নূর মোহাম্মদ বজলুর রহমানকে দেশের গুরুত্বপূর্ণ ২৫টি উপজেলা সদর/স্থানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্থাপন শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক করা হয়েছে।
ওএসডি যুগ্মসচিব মো. আমান উল্লাহকে বাংলাদেশ টেক্সাটাইল মিলস করপোরেশনের পরিচালক এবং বিআইডব্লিওটিএ’র সদস্য মোহাম্মদ মফিজুল হককে চামড়া শিল্প নগরীরর প্রকল্প পরিচালক করেছে সরকার।
ওএসডি যুগ্ম-সচিব মো. আব্দুল কাইয়ুমকে বিআইডব্লিওটিএ’র সদস্য এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপ-পরিচালক এ বি এম ফজলুর রহমানকে একই অধিদপ্তরের পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।
ওএসডি যুগ্ম-সচিব মো. ইকবাল হোসেনকে শিল্পকলা একাডেমির পরিচালক এবং আরেক ওএসডি যুগ্ম-সচিব মোহাম্মদ রাশিদুল হাসানকে বাংলাদেশ জুট মিলস করপোরেশনের পরিচালক করা হয়েছে।
ওএসডি যুগ্ম-সচিব মনোজ মোহন মিত্রকে বাংলাদেশ তাঁত বোর্ডের সদস্য এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. কামাল উদ্দিনকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সদস্য করা হয়েছে।
রাজশাহী পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক এস এম জাহেদুল করিমকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক, বিজনেস প্রমোশন কাউন্সিল হিসাবে দায়িত্ব পালনের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত যুগ্ম-সচিব এস এম রেজওয়ান হোসেনকে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন কমিশনার এবং ওএসডি যুগ্ম-সচিব মো. মিজানুর রহমানকে বঙ্গবন্ধু ফেলোশিপ অন এসআইসিটি প্রকল্পের প্রকল্প পরিচালক করা হয়েছে।
এছাড়া ওএসডি যুগ্ম-সচিব মো. নজরুল ইসলামকে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় প্রেষণে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিয়োগ দিয়ে আলাদা আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
