২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিভেজা পশুর হাটে ‘মন ভার’ ক্রেতা-বিক্রেতার

গতবারের তুলনায় কোরবানির পশুর দাম এবার বেশি বলে ক্রেতারা অভিযোগ করলেও মন ভালো নেই বিক্রেতাদের; ঈদের দুই দিন আগে রাজধানীর হাটগুলোতে তাদের বিক্রি বাড়ার আশায় বার বার বাদ সাধছে বৃষ্টি।

গোলাম মুজতবা ধ্রুব

ও সুলাইমান নিলয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2015, 05:23 PM

Updated : 12 Oct 2022, 04:14 PM

বুধবার সকাল থেকে হাটে ক্রেতাদের আনাগোনা বাড়লেও পানি-কাদা আর পশুর মলমূত্রে মাখামাখি হতে হচ্ছে তাদের। স্বচ্ছন্দ্যে পছন্দের পশুটি কিনবেন, তার উপায় নেই।

আরও একদিন হাতে এবং দাম কমার আশায় অনেকেই শুধু দরদাম করে ফিরে গেছেন। বিক্রি যা হচ্ছে, তাতে বিক্রেতাদের হতাশা কাটছে না। 

কুষ্টিয়ার মিরপুর থেকে জাফর আহমেদ ও তার ভাগ্নে রাহেম উদ্দিন ১২টি গরু নিয়ে গত শনিবার গাবতলী হাটে এসেছেন।

হাটের উত্তর পাশে ভালো জায়গায় গরু রাখতে পারলেও এখন পর্যন্ত তাদের গরু বিক্রি হয়েছে তিনটি। এর মধ্যে একটি নয় লাখ, একটি সাড়ে তিন লাখ এবং একটি দুই লাখ টাকায় বিক্রি করেছেন।

গত বছরের তুলনায় দাম বেশি পেলেও সন্ত্রষ্ট হতে পারছেন না জাফর।

“আমরা এই দামে পোষাতে পারতেছি না। গরুর খাবারের দাম তো বাড়ছে। তিনটা বিক্রি করছি লসে। একটা গরুও বিক্রি হবি না, এইটা ভেবেই বেঁচে দিয়েছি।”

জাফর এখন তার সবচেয়ে বড় গরুটির দাম হাঁকচ্ছেন সাড়ে ৪ লাখ টাকা।

“এই গরুটা দেড় লাখ টাকা দিয়া এক বছর আগে কিনছি। এক বছরে খাবারেই খরচ গেছে এক লাখ টাকা। এর পেছনে মানুষ খাটছে। চাইর লাখ টাকায় যদি বেচতে না পারি, তাইলে পোষাব কেমনে?”

নিজের পালা পাঁচটি গরু নিয়ে এই হাটে এসেছেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের সগির হোসেন।

তিনি বলেন, “আশা করছিলাম ৭০-৮০ হাজার টাকা করে গরু বিক্রি করব। কিন্তু মানুষ ৪০ হাজার টাকার বেশি আগায় না। বাজারে মানুষও কম।”

তবে শেষ পর্যন্ত ভারতীয় গরু না এলে ভালো দাম পাওয়া যাবে বলে আশা করছেন অনেক বিক্রেতা।

কুষ্টিয়ার হরিনারায়ণপুর থেকে ছয়টি গরু নিয়ে আসা মহিউদ্দিন বলেন, “আমরা তো দাম পাচ্ছি না বলে ছাড়ছি না। তবে এলসি (ভারতীয় গরু) যদি না চাপে (না আসে), তাইলে পরে সব গরু বিক্রি হয়ে যাবে।”

গাবতলী থেকে ১ লাখ ২০ হাজার টাকায় গরু কিনে ফেরার সময় মিরপুরের ব্যবসায়ী রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যবসা রেখে তো প্রতিদিন আসা যায় না। তাছাড়া আজ কাদা মাড়িয়েছি, তাই আজই কিনে নিলাম।”

এবার গরুর দাম ‘চড়া’ মন্তব্য করে তিনি বলেন, “এ ধরনের গরু গত বছর ৮০-৯০ হাজার টাকায় পাওয়া গেছে।”

গরুর বাজারে ক্রেতা-বিক্রেতা হতাশার মধ্যেও খাসির দাম নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন কয়েকজন বিক্রেতা।

২০ হাজার টাকায় একটি খাসি বিক্রির পর বিক্রমপুর থেকে আসা ইয়াসিন আলী জানান, এতে ২৫-৩০ কেজি মাংস হতে পারে।

তবে ক্রেতাদের ‘চড়া দামের’ অভিযোগ খাসিতেও রয়েছে। 

পশুর দরদাম নিয়ে কথার মধ্যে বিক্রেতারা হাটের ব্যবস্থাপনা নিয়েও নানা অভিযোগ তুলে ধরেন।

পাবনার ভাঙ্গুরা থেকে আসা মেশকাত হোসেন পাশে গো-খাদ্যের বস্তার উপর ঘুমিয়ে থাকা ভাইকে দেখিয়ে বলেন, “দেখেন আমরা ক্যামনে ঘুমাই। থাকা, খাওয়া, বাথরুম- এগুলাতো কেয়ামতের ময়দানের মতো অবস্থা। সরকার, ইজারাদার কেউ দেখে না।”

অভিযোগের বিষয়ে কথা বলতে সকাল ৯টা থেকে বেলা ১টার মধ্যে তিন বার ইজারাদারের অফিসে গিয়েও কাউকে পাওয়া যায়নি।

একই অবস্থা যাত্রাবাড়ীর দনিয়ার গোয়ালবাড়ি মোড়ে বর্ণমালা স্কুল সংলগ্ন হাটে।

এই হাটের এক নম্বর কাউন্টারে হাট পরিচালনা কমিটির সদস্য মো.ওসমান গনি বলেন, “ভাই প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে হাট চালাচ্ছি। বৃষ্টির কারণে হাটে পানি জমে, সেগুলো সরানোর পাশাপাশি পশুগুলো যেন সুস্থ থাকে ওই চেষ্টাও করছি।”

এই হাটে ফরিদপুর থেকে আসা গরুর ব্যাপারী সেলিম জানান, বৃষ্টির কারণে তাদের যেমন থাকার অসুবিধা হচ্ছে, তেমনি গরুগুলো অসুস্থ হয়ে পড়তে পারে বলে আশঙ্কায় আছেন।

বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, এ হাটেও অন্যবারের চেয়ে গরুর দাম ‘কিছুটা বেশি’ চাইছেন ব্যবসায়ীরা।

“তবে বাজারে যেহেতু গরু অনেক, তাই শেষ সময়ে দাম কমে যেতে পারে।”

কুষ্টিয়ার ব্যবসায়ী আলমগীর জানান, এবার ক্রেতারা দেশি ও ছোট জাতের গরু বেশি দেখছেন।

ঈদের আগে ভারতীয় গরু এলে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বেন বলে মনে করেন তিনি।

মেরাদিয়ার হাটের ইজারাদার মো.আমিনুল ইসলাম মিঠু জানান, বুধবার ক্রেতার সংখ্যা বেড়েছে, বাড়ছে বেচাকেনাও। তবে বৃষ্টির কারণে নাকাল হচ্ছেন সবাই।

জামালপুর থেকে আসা হারিছ বলেন, “বৃষ্টির কারণে পশুর অনেক সমস্যা হচ্ছে। ত্রিপল টাঙানো হলেও বৃষ্টির সময় গরুগুলোকে হাটের আশপাশের শুকনা জায়গায় নেওয়ার চেষ্টা করি। ”

হাটের শুরুর দিকে ক্রেতা না থাকলেও বুধবার দুপুরের আগে লোকজনের আনাগোনা শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, “তারা এখনো গরু দেখছেন, কেনা শুরু করেননি।”

এভাবে বৃষ্টি চলতে থাকলে বেচাকেনায় ভাটা পড়বে না বলে মনে করেন তিনি।