ধর্ষক-পুলিশ যোগসাজশ: মাস পেরিয়ে হাসপাতালে ধর্ষিতা
কুষ্টিয়ার কুমারখালীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে পুলিশের যোগসাজশে ধর্ষণচেষ্টার মামলা বানানোর অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার এক মাস পর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অষ্টম শ্রেণির ওই ছাত্রী।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তাপস কুমার সরকার মঙ্গলবার বিডিনিউজ টোয়েনটিফোর ডটকমকে বলেন, “চারদিন আগে ভর্তি হওয়া ওই স্কুল ছাত্রীকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ধর্ষণজনিত কারণে সৃষ্ট ক্ষত থেকে সংক্রমণ হয়েছে।”
স্থানীয় তিন বখাটে গত মাসে মেয়েকে জোর করে তুলে নিয়ে দলবেঁধে ধর্ষণ করে বলে তার বাবা জানান।
(প্রতীকী ছবি)
আসামিরা এলাকায় ঘুরে বেড়ালেও পুলিশ কাউকে গ্রেপ্তার করছে না বলেও অভিযোগ তার।
এক আসামির মামা ওই স্কুল পরিচালনা কমিটির সভাপতি সাইদুল ইসলাম সালিশের মাধ্যমে বিষয়টির মীমাংসার জন্য চাপ প্রয়োগ করেন বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে সাইদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই ছাত্রীর বাবা আমার কাছে আসলে আমি তাদের বলেছিলাম, তোমরা কী চাও? যদি মীমাংসা করতে চাও তাহলে উভয়পক্ষের লোকজন ডেকে মীমাংসা করে দেব। আরে ভাই কত মার্ডার কেস মীমাংসা হয়ে যাচ্ছে; আর এ ঘটনায় সবাই মিলে মীমাংসা করলে হবে না কেন?,”
এ বিষয়ে কুমারখালী থানার ওসি মহিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই ছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আইনের ৯/৪(ক) ধারায় ধর্ষণচেষ্টা মামলা করেছেন।
“ওই ছাত্রী যদি ধর্ষণের শিকার হয়ে থাকেন তাহলে ডাক্তার যে রিপোর্ট দেবেন সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ধর্ষিতার পরিবারের সদস্যরা জানান, ওই ছাত্রী গত ২৩ অগাস্ট সকাল ১০টায় স্কুলে যাওয়ার পথে স্থানীয় বাবুর ছেলে নাজমুল, মতলেব আলীর ছেলে সাগর আহমেদ আজম ও নুরুল ইসলামের ছেলে হালিম তাকে জোর করে একটি অটোরিকশায় তুলে নেয়। একটি বাড়িতে আটকে দলবেঁধে ধর্ষণ করে।
আহতাবস্থায় ভয়ভীতি দেখিয়ে ওই ছাত্রীকে আবার স্কুলের সামনে নামিয়ে দিয়ে পালিয়ে যায় তারা। সেখান থেকে বাড়ি ফিরে মেয়েটি পরিবারে কাছে ঘটনা খুলে বলে।
এরপর স্কুলে গিয়ে শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটিকে বিষয়টি জানিয়ে বিচার দাবি করেন বলে ওই ছাত্রীর বাবা জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসময় বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাইদুল ইসলাম ঘটনাটি কাউকে না জানিয়ে মীমাংসা করে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। পরে ২৬ অগাস্ট কুমারখালী থানায় গিয়ে মামলা করতে চাইলে পুলিশ ধর্ষণচেষ্টার অভিযোগের মামলা নেয়।”
কাঁদতে কাঁদতে এই দিনমজুর বলেন, “সাইদুল মীমাংসার চাপ দিয়ে মামলা করতে বিলম্ব করান এবং পুলিশকে দিয়ে ধর্ষণচেষ্টা মামলা করানোসহ চুপচাপ থাকতে চাপ দেন। সে কারণে ওই সময় হাসপাতালে আসতে পারিনি।
“কিন্তু পরে মেয়ের শরীরে সৃষ্ট ক্ষতস্থানে প্রচণ্ড ব্যথা ও যন্ত্রণা দেখা দেওয়ায় গত ১৯ সেপ্টেম্বর তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করি।”
স্কুলের প্রধান শিক্ষক শরীফুল ইসলাম বলেন, “গতমাসে একটা সালিশ হওয়ার সময় আমি অবগত হই, ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে।”
সেখানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিসহ অনেকেই উপস্থিত ছিলেন জানিয়ে তিনি বলেন, “তবে এ ঘটনায় যারাই জড়িত থাক; আমি চাই তাদের উপযুক্ত বিচার হোক।”
