২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে বিএসএফের বিরুদ্ধে নিহতের স্ত্রীর মামলা

জয়পুরহাট সীমান্তের পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামে হামলা ও এলোপাতাড়ি গুলিতে হতাহতের ঘটনায় বিএসএফের বিরুদ্ধে মামলা হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2015, 01:43 AM

Updated : 22 Aug 2022, 01:17 PM

মঙ্গলবার বিকালে ওই ঘটনায় নিহত সায়েম আলীর স্ত্রী রাশিদা বেগম বাদী হয়ে  সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।

মামলায় আসামি করা হয়েছে- ভারতের দুর্গাপুর ৭৫ বিএসএফ ব্যাটালিয়নের চার্লি কোম্পানী কমান্ডার সিএল পাটেল, বিএসএফের এসি মিনা কুমার ও এফএস অনুশ কুমারসহ ওই কোম্পানির অজ্ঞাত ২৫ থেকে ৩০ জন সদস্যকে।

বিচারক তাজুল ইসলাম মিঞা মামলাটি আমলে নিয়ে ১৫ দিনের মধ্যে জয়পুরহাট সদর থানার ওসিকে নিহতের ময়না তদন্তের প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

এছাড়া থানায় এ ঘটনায় আর কোনো মামলা হয়েছে কি না, সে বিষয়েও প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে আদালত।

বাদীপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম তালুকদার তরুণ মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানান।

মামলার এজাহার থেকে জানা যায়, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালের দিকে পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামের ভারত সীমান্তঘেঁষা দোগড় নামক স্থানে একটি খালে শিশু-কিশোরসহ ওই গ্রামের কয়েক জন মাছ ধরতে যায়। এ সময় বিএসএফ তাড়া করলে তারা গ্রামে ফিরে আসেন।

বেলা ১২টার দিকে বিএসএফের ২৫/৩০ জন জওয়ান বাংলাদেশের ৪’শ গজ অভ্যন্তরে ঢুকে এলোপাতাড়ি গুলি বর্ষণ করে।

এতে পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামের আব্দুল বারীকের ছেলে সায়েম আলী (৪০), কৃষ্ট মান্ডির ছেলে নির্মল মান্ডি (৩৫) ও পরিমল মান্ডি (৩২), আনোয়ার হোসেনের ছেলে বিদ্যুৎ হোসেন (২১) ও খালেক হোসেনের ছেলে ওমর ফারুক (২৯) আহত হন। আহতদেরকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

এদের মধ্যে সায়েম আলীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে উল্লেখ করা হয় এজাহারে।

জয়পুরহাট সদর থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালতে মামলা দায়েরের বিষয়টি শুনেছি। তবে এ ব্যাপারে ডাকযোগে আদালতের নির্দেশনা পেতে ২/১ দিন সময় লাগতে পারে।”

এ ঘটনায় জয়পুরহাট সদর থানার উপ-পরিদর্শক আব্দুল খালেক বাদী হয়ে ১৮ সেপ্টেম্বর রাতেই একটি মামলা করেন বলে জানান তিনি।

সীমান্তের ভারতীয় এলাকা থেকে অজ্ঞাত ৪০ থেকে ৫০ জন সশস্ত্র লোক পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামে ঢুকে এলোপাতাড়ি গুলি করে করলে একজন নিহত ও চারজন আহত হয় বলেও বাদী তার এজাহারে উল্লেখ করেন বলে জানান ওসি।

জয়পুরহাট-৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আব্দুর রাজ্জাক তরফদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিএসএফের গুলি বর্ষণের ঘটনায় ওইদিনই উভয় দেশের ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।”

বৈঠকে বিএসএফের গুলি বর্ষণ ও হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করা ছাড়াও তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়ার কথাও বিএসএফ কমান্ডারদের পক্ষ থেকে জানানো হয় বলে জানান তিনি।