২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় চিকিৎসকরা ধর্মঘটে

রোগী মারা যাওয়ার পর চিকিৎসকের বিরুদ্ধে হত্যা মামলা করার প্রতিবাদে সাতক্ষীরার চিকিৎসকরা ধর্মঘটের ঘোষণা দিয়েছেন।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2015, 06:30 PM

Updated : 22 Aug 2022, 01:16 PM

গত বৃহস্পতিবার (১৭ সেপ্টম্বর) একতা নামে একটি বেসরকারি হাসপাতালে অপারেশনকালে এক গৃহবধূর মৃত্যু হলে তিন ডাক্তারসহ আটজনের বিরুদ্ধে হত্যা মামলা (দণ্ডবিধির ৩০২ ধারা) করা হয়।  

এ ঘটনায় নিরাপত্তাহীনতার কথা তুলে চিকিৎসাকালে রোগীর মৃত্যু হলে যেন থানায় হত্যা মামলা না নেওয়া হয় সে ব্যাপারে প্রশাসনের ঘোষণা চান চিকিৎসকরা।

মঙ্গলবার শুরু হওয়া এই ধর্মঘট দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন।

তিনি বলেন, “আমরা মানুষকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করি। তবু রোগীর মৃত্যুর হলে হামলা-মামলা হয়।

“নিরাপত্তার অভাবে চিকিৎসকরা তাদের প্রাইভেট প্রাকটিস বন্ধ রেখেছেন। তবে সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা অব্যাহত থাকবে। সেখানে আমরা আমাদের সাধ্যমতো সেবা দেব।”

চিকিৎসাকালে রোগীর মৃত্যু হলে যাতে দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা (হত্যা মামলা) না নেওয়া হয় তার আশ্বাস না দেওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে তিনি জানান।

১৭ সেপ্টম্বর বেসরকারি হাসপাতাল ‘একতা’য় অপারেশনকালে গৃহবধূ সুমনার মৃত্যু হলে তার ভাই হোসাইন আলী বাদী হয়ে সদর থানায় তিন ডাক্তারসহ আটজনকে আসামি করে হত্যা মামলা (দণ্ডবিধির ৩০২ ধারা) দায়ের করেন।

চিকিৎসকদের নামে হত্যা মামলার প্রসঙ্গ তুলে ডা. মনোয়ার হোসেন বলেন, “আমরা তো রোগীকে মারার জন্য অপারেশন করি না। কিন্তু ঝুঁকিপূর্ণ রোগী অপারেশনে মারা যেতেই পারে।

“আমরা রোগীদের চিকিৎসা দিয়ে সুস্থ করার চেষ্টা করি। কিন্তু কেউ মারা গেলে চিকিৎসকদের নামে হত্যা মামলা দায়ের করা দুঃখজনক। এটা মেনে নেওয়া যায় না।”

এই ধর্মঘটে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নৈতিক সমর্থন রয়েছে বলে জানান ডা. মনোয়ার হোসেন।