২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রী এলে সব ঠিক, গেলেই ভোগান্তি

বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ সড়ক পরিবহন মন্ত্রী অস্বীকার করলেও যাত্রীদের কাছ থেকে মিলছে ভিন্ন তথ্য। কেউ কেউ বলেছেন, দাম নয়, টিকেট প্রাপ্তিই ভোগান্তি হয়ে দাঁড়িয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2015, 06:28 PM

Updated : 25 Apr 2022, 01:54 PM

মঙ্গলবার মন্ত্রী ওবায়দুল কাদের রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে গেলে তার উপস্থিতিতে খেদের কথা বলার সুযোগ না পেলেও টার্মিনাল ছাড়তেই শোনা গেল নানা অভিযোগ।

সাইদুর রহমান পিন্টু নামে এক যাত্রী অভিযোগ করেন, মন্ত্রী এলে সবাই ঠিকঠাক, গেলেই ভিন্ন চিত্র।

“পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি যাচ্ছি। বহু কষ্টে বেশিদাম দিয়ে টিকেটগুলো সংগ্রহ করতে হয়েছে। আজ এখানে এসে দেখি মন্ত্রীর সামনে কেউ কিছু বলছে না। একজনও নেই যে ন্যায্য দামে টিকেট কিনতে পেরেছে।”

এর আগে মহাখালী বাস টার্মিনালে মন্ত্রীর পরিদর্শন উপলক্ষে সকাল থেকেই বাড়তি তৎপরতা দেখা যায়। পুলিশ কনট্রোল রুম, কমিউনিটি পুলিশ, ভিজিলেন্স টিমসহ প্রত্যেককে বাস শৃঙ্খলার সঙ্গে টার্মিনাল ছেড়ে যাওয়া নিশ্চিত করতে দেখা গেছে।

এছাড়া টিকেট কাউন্টার থেকে লাইন ধরে নির্ধারিত ভাড়ায় টিকেট কিনতে পেরেছেন যাত্রীরাও।

ঘুরে ঘুরে পরিদর্শনের সময় বিভিন্ন গণমাধ্যমের ক্যামেরা মন্ত্রীকে অনুসরণ করে। টার্মিনালের টিকেট কাউন্টারে গিয়ে অতিরিক্ত ভাড়া কেউ নিয়েছে কিনা জিজ্ঞেসও করেন মন্ত্রী।

এসময় পাশ থেকে একজন বাড়তি ভাড়া বিষয়ে কথা বলতে গেলে মন্ত্রী তাকে হাতনেড়ে থামিয়ে দিয়ে বলেন, “সেটা তো আপনার দরকার নেই। কর্তৃপক্ষ বলবে নিয়েছে কিনা। ”

মন্ত্রী পরিদর্শন শেষে চলে যাওয়ার পর টার্মিনালগুলোতে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়াসহ নানা ভোগান্তি শুরু হয়- সাংবাদিকদের এ ধরনের অভিযোগ অস্বীকার করে ওবায়দুল কাদের বলেন, “অতিরিক্ত ভাড়া কেউ নিচ্ছে কিনা যাত্রীদের জিজ্ঞেস করেছি। এখন তারা কিন্তু কেউ বলেনি যে অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে। স্পেসিফিক কেস বলুন এখনই ব্যবস্থা নিচ্ছি।”

“আমি এখান থেকে গিয়েই ফোন করতে থাকি। এখন ২৪ ঘণ্টা আমার ফোন খোলা। আমি সব জায়গার খবর রাখি। সফর করে চলে গেলাম, তারপর কি হল এ খবরটা আমি রাখছি না এটা যদি মনে করেন তাহলে আমার প্রতি অবিচার করা হবে।”

এ সময় মন্ত্রী ঈদে ঘুরমুখো মানুষের চাপের মধ্যেও মহাসড়কের কোথাও কোন যানজট নেই বলে দাবি করেন।

এ বিষয়ে তিনি বলেন, “রাস্তার জন্য কোথাও যানজট হচ্ছে না। কোথাও কোথাও পশুবাহী গরুর জন্য কিছুটা স্লো হচ্ছে।”

মূলত বুধবার থেকে শহর ছেড়ে যাওয়া যাত্রীদের চাপ শুরু হবে; সেসময় মহাসড়কে যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে কোন পরিকল্পনা আছে কিনা- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “সব ধরনের প্রস্তুতি সরকার নিয়েছে।”

“আগামীকাল থেকে বড় চাপ শুরু হবে। সেটা মোকাবিলার আমাদের প্রস্তুতি আছে। উই আর প্রিপায়েরিং ফর দ্য বেস্ট, হোপিং ফর দ্য বেস্ট। আমার এবার টার্গেট দুর্ভোগ যতটা কমানো যায়।”

বাড়ি ফেরা মানুষের যাত্রা পথের দুর্ভোগ কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে বলেও জানান কাদের।

“আমার কাছে আলাদিনের আশ্চর্য প্রদীপ নেই যে আমি রাতারাতি কোন সমস্যার সামাধান করতে পারব। তবে একটু আগে একনেকের বৈঠক ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে আমাকে পরিষ্কারভাবে বলেছেন, যেকোনো মূল্যে জনগণের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে হবে এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।”

যান চলাচল নির্বিঘ্ন রাখতে মহাসড়কে গরুর হাট বসানো এবার ৯০ ভাগ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করে ওবায়দুল কাদের বলেন, “এ পর্যন্ত রাস্তার দুর্ঘটনার হারও একেবারেই কম। মহাসড়কে গরুর হাট ৯০ ভাগ নিয়ন্ত্রণে। সিটি এলাকায়ও অনেক নিয়ন্ত্রণে। এইটটি পারসেন্ট নিয়ন্ত্রণে। বাবুবাজার ব্রিজ, বনানী …ওখানে কি হাট আছে? শুনুন রাতারাতি কোন কিছুর পরিবর্তন হবে না। ইউ হ্যাভ টু ওয়েট।”

কোন কোন গণমাধ্যমে যানজট নিয়ে অতিরঞ্জিত সংবাদ করা হচ্ছে বলেও অভিযোগ করেন সড়ক পরিবহনমন্ত্রী।

যানজট নিয়ে জনমনে আতংক সৃষ্টি না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, “টেলিভিশনে যানজট স্ক্রল যাচ্ছে সারাদিন। আমার এটা অভিযোগ, যানজট যে চলে যাচ্ছে এটার পরিবর্তিত স্ক্রল কিন্তু আসছে না।

“সংবাদপত্র, মিডিয়ার ওপর আমার আস্থা আছে। তারা আমার সাথে রোদ বৃষ্টি ঝরে তবু আমি তাদের বলব, এখন খুব সেনসেটিভি টাইম। যাতে আতংকের সৃষ্টি না হয়। আমরা তো সারাদেশেরই খবর রাখছি।”

যানজট ও আবহাওয়ার কারণে যাত্রী ভোগান্তি হচ্ছে বলে মন্তব্য করেন মন্ত্রী।

তিনি বলেন, “যে দুর্যোগপূর্ণ আবহাওয়াটা অন্যতম প্রধান কারণ এই কথাটাও আপনি বলবেন। কারণ এ ধরনের অবস্থায় আপনি কি করে যাত্রা দুর্ভোগমুক্ত করবেন। আশ্বিন মাসে কি বৃষ্টি হয়? সেটা এবার টানা বৃষ্টি হচ্ছে। কি করব বলুন? প্রকৃতির সঙ্গেও তো যুদ্ধ করে টিকতে পারছি না। এটাও তো বুঝতে হবে।”

মঙ্গলবার সন্ধ্যায় ওবায়দুল কাদের মহাসড়কে যান চলাচল পরিস্থিতি দেখতে চন্দ্রায় যান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গাজীপুর প্রতিনিধি জানিয়েছেন।

সেখানে মন্ত্রী সাংবাদিকদের বলেন, “মহাসড়ক যান চলাচলের উপযোগী রয়েছে। এখন চালকরা ঠাণ্ডা মাথায় গাড়ি চালালে ঘরমুখো মানুষ নির্বিঘ্নে বাড়ি পৌঁছতে পারবে।”

চন্দ্রায় বাইপাস সড়ক নির্মাণ করায় যানজট সমস্যার অনেকাংশে লাঘব করা গেছে বলে মনে করেন তিনি।

পরে মন্ত্রী চন্দ্রা মোড়ের পুলিশ বক্সে বসে এক ঘণ্টা নিজেই সড়ক পরিস্থিতির উপর নজরদারি করেন।

পুরনো খবর:

ভিড় ঠেলে আনন্দযাত্রা, ট্রেনে উঠতে হুড়াহুড়ি  
নেই যানজট, স্বস্তির যাত্রা উত্তর-দক্ষিণে