২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিড় ঠেলে আনন্দযাত্রা, ট্রেনে উঠতে হুড়াহুড়ি  

ঈদের ছুটির দুই দিন বাকি থাকলেও কোরবানির ঈদকে সামনে রেখে বাড়ির টানে চট্টগ্রাম ছাড়তে শুরু করেছে বিভিন্ন জেলার মানুষ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2015, 09:42 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

মঙ্গলবার স্টেশনে গিয়ে দেখা গেছে, ঘরে ফেরার মরিয়া প্রচেষ্টায় অনেকেই ট্রেনের ছাদ ও ভেতরে ঠাঁই নিয়েছেন।

ট্রেনে নির্ধারিত টিকিট না পেলেও ঘরে মানুষ ঘরে ফিরতে স্ট্যান্ডিং টিকেট কাটতেও দেখা গেছে। স্ট্যান্ডিং টিকেটে বেশি টাকা নেওয়ার অভিযোগও করেছেন কেউ কেউ।

একশ টাকার টিকেট দুই থেকে আড়ইশ টাকায় কিনতে দেখা গেছে কয়েকজন যাত্রীকে।

চট্টগ্রামে গ্যারেজের কর্মচারী চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেসের যাত্রী মো. সোহাগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রেনের অগ্রিম টিকেট পায়নি। তাই স্ট্যান্ডিং টিকেটই ভরসা।

ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠতে দেখা গেল সোহাগকে। নারী ও শিশুদেরও ট্রেনের ছাদে টেনে তুলেছেন ঘরমুখো অনেকেই।

ট্রেনের প্রবেশমুখে, ভেতরে ও ছাদে ছিল গাদাগাদি করে বসা যাত্রীদের ভিড়।

ভেতরে ও বাইরে প্রায় সহস্রাধিক যাত্রী নিয়ে ৫টা ১০ মিনিটে চট্টগ্রাম রেলস্টেশন ছেড়ে যায় মেঘনা এক্সপ্রেস।

মো. হাসান নামের মেঘনা এক্সপ্রেসের আরেক যাত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেড়শ টাকায় স্ট্যান্ডিং টিকেট পেয়েছি। বাড়ি গিয়ে গরু কিনতে হবে। যেভাবে হোক ট্রেনে একটা জায়গা করে নিতে হবে।”

সেপ্টেম্বর ১৫ থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু করে রেলওয়ে পূর্বাঞ্চল। প্রতিদিন নয়টি ট্রেনের বিপরীতে চাঁদপুরের দুটি স্পেশাল ট্রেনসহ সাড়ে সাত হাজার টিকেট দিয়েছে পূর্ব রেল। তার মধ্যে পাঁচ হাজার ৪৬৪টি টিকেট দেওয়া হয়েছে কাউন্টার থেকে।

বাকি টিকেট অনলাইনে বিক্রির জন্য সংরক্ষিত ছিল। শুধু চাঁদপুর নয় চট্টগ্রাম থেকে বিকালে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া মহানগর গোধূলীতে ঘরে ফেরা মানুষের ভিড় দেখা গেছে।