মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে মন্ত্রণালয়ে স্মারকলিপি
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে পরদিন স্বাস্থ্য মন্ত্রণালয় ঘেরাওয়ের হুমকি দিয়েছেন তারা।
মঙ্গলবার দুপুরে শাহবাগে গণগ্রন্থাগারের ফটকে সমাবেশ থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে মো. মোহাইমিনুল ইসলাম নিয়ন এ ঘোষণা দেন।
ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “আমরা মন্ত্রণালয়ে আজ স্মারকলিপি দিয়েছি। আর ২৬ তারিখের মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছি।”
স্মারকলিপি জমা দিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে চার সদস্যের একটি প্রতিনিধি দল স্বাস্থ্য মন্ত্রণালয়ে যায়। জান্নাতুল ফেরদৌস, নাহিয়ান আহমেদ, সাজিয়া আক্তার ও জিহাদুল ইসলাম প্রতিনিধি দলে ছিলেন।
গত শুক্রবার সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর সমন্বিত ভর্তি পরীক্ষার পর রোববার স্বাস্থ্য অধিদপ্তর ফল ঘোষণা করে। পরীক্ষায় অংশ নেওয়া ৮৩ হাজার শিক্ষার্থীর মধ্যে ৪৮ হাজার ৪৪৮ জন উত্তীর্ণ হয়েছেন।
এই পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) অভিযান চালয়ে র্যাব ‘প্রশ্নপত্র ফাঁসে’ জড়িত অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার। পরদিন থেকে পরীক্ষা বাতিলের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে মেডিকেল ভর্তিচ্ছুরা। বিএনপিও পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে।
এছাড়া প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল বাতিল করে আবার পরীক্ষা নেওয়ার নির্দেশনা চেয়ে হাই কোর্টে রিট করা হয়। তবে সোমবার রিট আবেদনটি খারিজ করে দিয়েছে আদালত।
