‘নেপাল-ভুটানের মালামালও বাংলাদেশ হয়ে যাবে’
শুধু ভারত নয় নেপাল ও ভুটানের মালামাল পরিবহনেও আশুগঞ্জ ও আখাউড়া স্থলবন্দর ব্যবহার করা হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী।
মঙ্গলবার সকালে আশুগঞ্জ নদীবন্দরে প্রস্তাবিত অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল নির্মাণের জায়গা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
আশুগঞ্জ বন্দর জাতীয় অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, খুব দ্রুত আশুগঞ্জ নদী বন্দরে অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল নির্মাণের কাজ শুরু হবে।
প্রস্তাবিত এই কন্টেইনার টার্মিনালটির নির্মাণে ২২৫ কোটি টাকা ব্যয় হবে বলে জানান সচিব।
এ সময় নৌ-মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রফিকুল ইসলাম, নাছির আলী, বিআইডব্লিটিএ-এর চেয়ারম্যান মোজাম্মেল হক, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মনির হোসেন, ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (বাণিজ্য) বিজে সিল ভারাজ, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মুহাম্মদ মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
