চট্টগ্রাম-চাঁদপুর রুটে ২টি বিশেষ ট্রেন
ঈদে যাত্রী পরিবহনের চাপ সামলাতে মঙ্গলবার চট্টগ্রাম-চাঁদপুর রুটে দুইটি বিশেষ ট্রেন চলাচল শুরু হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) এর কার্যালয় থেকে এ তথ্য জানিয়েছে।
চাঁদপুর স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম জানান, ট্রেনগুলো প্রতিদিন সকাল সাড়ে ১১টা এবং বিকাল সাড়ে ৩টায় চট্টগ্রাম থেকে ছেড়ে বিকাল ৫টা ৫ মিনিট ও রাত ৮টা ৫ মিনিটে চাঁদপুর পৌঁছে পুনরায় যাত্রী নিয়ে চট্টগ্রাম ফিরে যাবে।
ফাইল ছবি
২৬ সেপ্টেম্বর থেকে পরবর্তী ৭দিন ট্রেন দুটি আগের সময়ে চট্টগ্রাম থেকে ছাড়বে উল্লেখ করে সিরাজুল ইসলাম আরও জানান, ফিরতি ট্রেন রাত ৩টা ও ভোর ৬টায় চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
এদিকে চাঁদপুর স্টেশনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে চাঁদপুরের স্টেশন মাস্টার মোহাম্মদ হোসেন মজুমদার বলেন, ছিনতাই, চাঁদাবাজি ও যাত্রী হয়রানি বন্ধে স্টেশনের সকল কর্মকর্তা-কর্মচারীকে তৎপর থাকতে বলা হয়েছে।
স্টেশনে পর্যাপ্ত সংখ্যক আনসার, রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
