খুলনা-যশোর মহাসড়কে পাটকল শ্রমিকদের অবরোধ
খুলনার আলীম জুট মিল লিমিটেড বেসরকারি খাতে হস্তান্তর প্রক্রিয়ার অভিযোগ তুলে প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছে মিলটির শ্রমিকরা।
এর ফলে খুলনা-যশোর মহাসড়কে মঙ্গলবার সকাল থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সকাল ১০টায় শুরু হওয়া এই অবরোধ বিকাল ৫টা পর্যন্ত চলবে বলে আন্দোলনকারী শ্রমিকরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে শ্রমিকরা লাঠি মিছিল নিয়ে মিলের সামনে খুলনা-যশোর মহাসড়কে অবস্থান নেয়।
আলীম জুট মিল হস্তান্তর প্রতিরোধ কমিটির আহ্বায়ক মো. আব্দুর রশিদ বলেন, বেশ কিছুদিন ধরে রাষ্ট্রায়ত্ব এ মিলটি বেসরকারি মালিকানায় হস্তান্তরের চেষ্টা চলছে। এর প্রতিবাদে আমরা সড়ক অবরোধ করছি।”
তিনি বলেন, একটি প্রভাবশালী মহলের ষড়যন্ত্রে সরকারি আলীম জুট মিল ব্যক্তি মালিকানায় হস্তান্তর করার চেষ্টা হচ্ছে। যেকোনো মূল্যে এই পাটকলটির ব্যক্তি মালিকানায় হস্তান্তর ঠেকানোর ঘোষণা দেন তিনি।
পাট ও বস্ত্রকল সংগ্রাম কমিটির সভাপতি আব্দুস সালাম জমাদ্দারের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন, শ্রমিক নেতা জাকারিয়া শেখ, আমিনুল ইসলাম প্রমুখ।
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টায় আলিম জুট মিলের প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে তারা লাঠি মিছিল নিয়ে খুলনা-যশোর মহাসড়কে এসে অবস্থান নেয়।
খানজাহান আলী থানার ওসি মো. আখতার হোসেন জানান, শ্রমিকদের অবরোধের ফলে খুলনা-যশোর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বিকল্প পথ হিসেবে খুলনা থেকে চুকনগর হয়ে যশোরে যানবাহর চলাচল করছে।
