ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি প্রবীর সিকদারের
আইসিটি মামলায় সাংবাদিক প্রবীর সিকদারের জামিনের মেয়াদ বাড়িয়ে তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছে আদালত।
কোর্ট পরিদর্শক এসআই সুবির জানান, মঙ্গলবার ফরিদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হামিদুল ইসলাম এ আদেশ দেন।
এই মামলায় হাজিরা দেওয়ার নির্ধারিত দিনে প্রবীর সিকদার আদালতে উপস্থিত হয়ে ব্যক্তিগত হাজিরা মওকুফের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করে বলে জানান তিনি।
প্রবীরের আইনজীবী আলী আশরাফ নান্নু বলেন, “শারীরিক বিবেচনায় ২০৫ ধারায় সাংবাদিক প্রবীর সিকদারের ব্যক্তিগত হাজিরা মওকুফের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করে।”
এই আদেশের ফলে প্রবীর তার আইনজীবীর মাধ্যমে আদালতে হাজিরা দিতে পারবেন। এছাড়া মামলার পরবর্তী শুনানির দিন ৬ ডিসেম্বর ধার্য করা হয়েছে বলে জানান তিনি।
এ সময় মামলার বাদী অ্যাডভোকেট স্বপন চন্দ্র পাল ও তার আইনজীবীরাও আদালতে উপস্থিত ছিলেন।
প্রবীর সিকদারকে গত ১৬ অগাস্ট ঢাকা থেকে আটকের পর ওই রাতেই ফরিদপুর কোতোয়ালি থানায় তার নামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে একটি মামলা হয়।
এই আইনের ৫৭ (২) ধারায় পরদিন তাকে গ্রেপ্তার দোখিয়ে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
১৮ অগাস্ট শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে। সারাদেশে ব্যাপক সমালোচনার মুখে পরদিন আদালত তাকে জামিন দেয়।
