বেনাপোলে সোনার বার উদ্ধার, আটক ১
যশোরের বেনাপোলে ১৬টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে লোকাল বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন।
আটক হানিফ আলি বেনাপোলের গাতিপাড়া গ্রামের শহর আলির ছেলে।
জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,একজন স্বর্ণপাচারকারী ভারতে পাচারের জন্য স্বর্ণের একটি চালান নিয়ে বেনাপোল বাসস্ট্যান্ডে অবস্থান করছে সংবাদ পেয়ে বিজিবির টহল দল অভিযান চালায়।
“অভিযানে আটক হানিফ আলিকে তল্লাশি করা হলে তার স্যান্ডেলের সোলে লুকিয়ে রাখা ১৬টি সোনার বার পাওয়া যায়।
“আটক সোনার ওজন ১ কেজি ৬০০ গ্রাম। এগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।”
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।
