২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ধান-গম ক্রয়ে অনিয়ম তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির

সরকারের পক্ষ থেকে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ও গম কেনার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2015, 09:05 PM

Updated : 22 Aug 2022, 01:16 PM

সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এ নির্দেশনা দেয় সংসদীয় কমিটি।

বৈঠক শেষে কমিটির সদস্য শহীদুজ্জামান সরকার সাংবাদিকদের জানান, কমিটি এসব বিষয় খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং ভবিষ্যতে অনিয়ম রোধে যথাযথ পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছে।

খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে অনিয়মের অভিযোগ কথা স্বীকার করা হয় বলে জানান তিনি।

শহীদুজ্জামান বলেন, “অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, আগেভাগে অভিযোগ পেলেও মাঠপর্যায়ে সবকিছু তাদের নিয়ন্ত্রণে ছিল না। অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণের চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছেন বলে কমিটিকে জানিয়েছেন।

“সরকারের পক্ষ থেকে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ও গম ক্রয়ের কথা ছিল। কিন্তু দেখা গেছে কৃষকদের পরিবর্তে মধ্যস্বত্তভোগীদের কাছ থেকে ধান কেনা হয়েছে। গমের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে বলে কমিটির সদস্যদের কাছে অভিযোগ এসেছে।”

চলতি মৌসুমে সরকার কৃষককে মুনাফা দিতে বাজার দরের তুলনায় বেশি দামে এক লাখ টন ধান কেনে। অভিযোগ রয়েছে, কৃষকদের পরিবর্তে মধ্যস্বত্তভোগীদের কাছ থেকে ধান কেনার।

ধান-চাল ক্রয়ে দুর্নীতি-সিন্ডিকেট বন্ধের দাবিতে খাদ্য মন্ত্রণালয়ে স্মারকলিপিও দিয়েছিলেন সরকারের শরিক জোটের অন্যতম ওয়ার্কার্স পার্টির ছয় সংসদ সদস্য।

এরআগে চলতি মৌসুমে দেড় লাখ টন গম সংগ্রহ করে সরকার। সরকারি খাদ্য গুদামে গম সরবরাহের জন্য ক্ষমতাসীন দলের নেতাদের প্রভাব বিস্তারের অভিযোগ ওঠে সেসময়ও।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমান সরকারের অঙ্গীকার অনুযায়ী দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে পাঁচটি প্রকল্পের অগ্রগতি সম্পর্কে বৈঠকে আলোচনা হয়। এসব প্রকল্পের ব্যয় ঠিক রেখে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে সবাইকে নিয়ে মাস্টার প্ল্যান তৈরির সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য রহমত আলী, শহীদুজ্জামান সরকার, আব্দুল কুদ্দুস, এ কে এম শাহজাহান কামাল এবং মীর মোস্তাক আহমেদ রবি উপস্থিত ছিলেন।