২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উগ্রপন্থার উত্থান ঠেকাতে সরকার সজাগ: শেখ হাসিনা

বাংলাদেশে উগ্রপন্থার উত্থান ঠেকাতে সরকার সজাগ রয়েছে বলে ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2015, 08:21 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

ইউরোপের দুই দেশের সফররত দুই মন্ত্রী ফ্রাঙ্ক-ভাল্টার স্টেইনমায়ার ও লরাঁ ফ্যাবিউস সোমবার দেখা করতে গেলে তাদের একথা জানান বাংলাদেশের সরকার প্রধান।

বাংলাদেশে উগ্রপন্থার উত্থানের কোনো আশঙ্কা নেই উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে বাংলাদেশের মানুষের উপর উগ্রপন্থার প্রভাব পড়বে না। আমাদের গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাও উগ্রপন্থা মোকাবিলায় খুবই তৎপর রয়েছে।”

গণভবনে ইউরোপীয় ইউনিয়নের দুই শক্তিধর দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের পর তার প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের বিষয়বস্তু সাংবাদিকদের জানান।

প্রধানমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার পর সামরিক স্বৈরাচাররা ক্ষমতা দখল করে সংবিধান থেকে অন্যতম মূলনীতি ধর্মনিরপেক্ষতা বাদ দিয়েছিল।

“কিন্তু আমাদের সরকার ক্ষমতায় আসার পর সংবিধান সংশোধনের মাধ্যমে সেটিকে আবার ফিরিয়ে আনা হয়েছে।”

অসাংবিধান উপায়ে ক্ষমতা গ্রহণকে বাংলাদেশের উচ্চ আদালত যে অবৈধ ঘোষণার কথাও ইউরোপের দুই পররাষ্ট্রমন্ত্রীকে জানান সরকার প্রধান।

বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক নিয়েও বৈঠকে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে। প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করে তার সরকার অনেক সমস্যার সমাধান করেছে।

বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম প্রধান ক্রেতা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীরা এ শিল্পের বিষয়টিও আলোচনায় তোলেন। 

প্রধানমন্ত্রী পোশাক খাতের উন্নয়ন ও শ্রমিক নিরাপত্তা ও তাদের জীবনমান উন্নয়নের নেওয়া নানা পদক্ষেপ তাদের সামনে তুলে ধরেন।

“আমাদের নীতিই হচ্ছে জনগণের কল্যাণ নিশ্চিত করা,” বলেন শেখ হাসিনা।

এছাড়া জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবেলা নিয়েও বৈঠকে আলোচনা হয়। স্টেইনমায়ার ও লরাঁ ফ্যাবিউস দুজনই জানান, তারা এই বিষয়টিতে গুরুত্ব দিচ্ছেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম এবং ঢাকায় এই দুই দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।

ইউরোপের এ দুই মন্ত্রী ‘ঐতিহাসিক’ এক যৌথ সফরে সোমবারই ঢাকায় পৌঁছেছেন।