২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি চলাচল শুরু

শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ৩২ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2015, 06:14 PM

Updated : 22 Aug 2022, 01:16 PM

সোমবার দুপুর ১টায় লৌহজং টার্নিং পয়েন্ট খুলে দিলে ফেরি চলাচল আবার শুরু হয় বলে বিআইডব্লিউটিসি জানায়।

বিআইডব্লিউটিসির শিমুলিয়ার ম্যানেজার (বাণিজ্য) মো. গিয়াস উদ্দিন বলেন, নাব্যতা সংকট ও প্রচণ্ড স্রোতের কারণে ওই নৌরুটে ফেরি চলাচলে অচলাবস্থা সৃষ্টি হয়েছিল।

“ঈদ উপলক্ষে যাত্রীদের চাপের কথা বিবেচনা করে গত ১১ থেকে ১৫ সেপ্টেম্বর নৌরুট বন্ধ রেখে দ্রুত ড্রেজিং করে চ্যানেলে নাব্যতা ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়।”

এর আগে সীমিত পরিসরে স্বল্প সংখ্যক ফেরি ওয়ানওয়েতে চলাচল করেছে বলে তিনি জানান।

সোমবার থেকে চারটি রো রো ফেরিসহ ১৬টি ফেরি চালাচল শুরু হয়েছে বলে জানান বিআইডব্লিউটিসির ওই কর্মকর্তা।

“১৬টি ফেরি লৌহজং টার্নিং পয়েন্ট দিয়ে চলাচল করায় দুপুরের পরে চাপ হালকা হয়ে এসেছে।”

এছাড়া ঈদ উপলক্ষে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে পারাপারের জন্য সোমবার থেকে শিমুলিয়া থেকে ১০ কিলোমিটার দূরে শ্রীনগর উপজেলার ছনবাড়িতে সব ধরনের ট্রাক আটকে দেওয়া হচ্ছে বলে জানান সহকারী পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. সামসুজ্জামান।

বিআইডব্লিউটিএ-এর নির্বাহী প্রকৌশলী (ড্রেজিং) মো. সুলতান আহমেদ খান বলেন, প্রথম স্তরের ড্রেজিং শেষে গত ১৫ সেপ্টেম্বর লৌহজং টার্নিং পয়েন্ট ফেরি চলাচলের জন্য খুলে দেওয়া হলেও দ্বিতীয় স্তরের ড্রেজিং চলায় ফেরিগুলো ড্রেজারের উপর গিয়ে ধাক্কা দিচ্ছিল।

সোমবার লৌহজং টার্নিং পয়েন্ট থেকে ড্রেজার কিছুটা সরিয়ে নিলে ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে জানান এই প্রকৌশলী।