ঈদ ঘিরে ৭ দিন ভারি যান চলাচলে নিষেধাজ্ঞা
কোরবানির ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বরাবরের মতো এবারও আগের তিন দিন ও পরের তিন দিন মহাসড়কে ভারি যানবাহন চলাচল নিষিদ্ধ করেছে সরকার।
সোমবার দুপুরে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, “কাল (২২ সেপ্টেম্বর) থেকে ঈদের আগের তিন দিন ও পরের তিন দিন মহাসড়কে ভারি মালবাহী ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চলাচল করতে পারবে না।”
তবে তৈরি পোশাক ও সংশ্লিষ্ট পণ্য, পচনশীল দ্রব্য, ওষুধ ও জ্বালানিবাহী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে বলে জানান তিনি।
সড়কমন্ত্রী বলেন, একইভাবে ঈদের দিনসহ আগে ও পরে চার দিন করে মোট নয় দিন সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে।
“মহাসড়কে ঘরমুখো মানুষের ভোগান্তি পুরোপুরি দূর করতে না পারলেও যতোটা সম্ভব কমাতে সরকার চেষ্টা করছে।”
তবে দুর্ভোগ এড়াতে গাজীপুরের চন্দ্রা মোড়ে বাইপাস ও কালিয়াকৈরে ওয়ানওয়ে সড়ক তৈরি করা হয়েছে বলেও জানান তিনি।
মহাসড়ক থেকে সিএনজিচালিত তিন চাকার যানবাহন চলাচল বন্ধ করে দেয়ায় চলতি বছর দুর্ঘটনা অনেক কমে আসবে বলে আশাপ্রকাশ করেন মন্ত্রী।
“তবে চালকদের সতর্কভাবে গাড়ি চালাতে হবে। ওভারটেকিং, ওভার স্পিডিং এবং ওভার লোডিং বিষয়ে চালকরা যেন সতর্ক থাকেন। এজন্য মালিক শ্রমিকদের কাউন্সিলিং করতে হবে। অতিরিক্তি ট্রিপ ধরতে গিয়ে যেন সড়কে যানজট তৈরি না হয়।”
