২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতের স্থিতাবস্থায় সরকারি স্থাপনা নির্মাণের অভিযোগ

আদালতের স্থিতাবস্থা থাকার পরও কক্সবাজারের রামু উপজেলায় ব্যক্তিমালিকানার একটি জমিতে সরকারি স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2015, 05:49 PM

Updated : 22 Aug 2022, 01:16 PM

ভূমি অধিগ্রহণ না করেই ফায়ার সার্ভিস স্টেশন ভবন নির্মাণের অভিযোগে ক্ষতিগ্রস্ত পরিবার হাই কোর্টে গেলে আদালত স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেয়।

কিন্তু আদালতের আদেশ অমান্য করে ভবন নির্মাণের কাজ অব্যাহত রাখার অভিযোগ করছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

এদিকে, এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে।

বর্তমানে কাজ বন্ধ রয়েছে বলে গণপূর্ত বিভাগ দাবি করলেও ইতোমধ্যে ভবন নির্মাণের বেশিরভাগ কাজ শেষ করে ফেলেছে।

এই কর্মকর্তারা হলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম রব্বানী, গণপূর্ত বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী (পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট) মো. কবির আহমেদ ভূঁইয়া, গণপূর্ত বিভাগ কক্সবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. তসলিম উদ্দিন জমাদার, কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক মো. রুহুল আমিন, সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাফর আলম ও রামুর ইউএনও মো. মাসুদ হোসেন।

এ বিষয়ে খতিয়ান সৃজন ও আদালত অবমাননার দুটি পৃথক মামলা হাই কোর্টে বিচারাধীন আছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সোমবার কক্সবাজারের এক হোটেলে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রামু উপজেলার উত্তর মেরুংলোয়ার মৃত গোলাম শরীফের ছেলে আক্তার কামাল।

তিনি বলেন, উত্তরাধিকার সূত্রে উত্তর মিঠাছড়ি মৌজার বিএস ১৬১ নম্বর খতিয়ানের ৩৭ শতক জমি দীর্ঘদিন তাদের ভোগদখলে থাকা অবস্থায় গত ১৯৯৫ সালে ভুলক্রমে সরকারি খাস খতিয়ানভুক্ত হয়।

“পরে আমরা সহকারী জজ আদালতে (রামু) দেওয়ানী মামলা করলে রায়ে খতিয়ান সংশোধন করে বাদীপক্ষের নামে নামজারির নির্দেশ দেয় আদালত।”

পরবর্তীতে জমির মালিকরা খতিয়ান সংশোধনের জন্য রামুর ভূমি কার্যালয়ে আবেদন জানানোর পরও তা ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ তাদের।

আক্তার কামাল বলেন, এরইমধ্যে ওই জমিতে রামু ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের আয়োজন দেখার পর গত ২০১৩ সালে পৃথক খতিয়ান সৃজন ও নিষেধাজ্ঞার আদেশ চেয়ে হাইকোর্টে রিট আবেদন (নম্বর: ১১৭০৬/২০১৩) করেন তারা।

আদালত ওই বছরের ১৯ নভেম্বর ৪ সপ্তাহের রুল ইস্যু করে এবং ভূমি বিষয়ে ৬ মাসের স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেয় বলে জানান আক্তার।

“এরপর ২০১৪ সালের ১১ মে উক্ত স্থিতাবস্থার আদেশ পরবর্তী ৬ মাসের জন্য এবং ওই বছবের ১২ নভেম্বর আরও এক বছরের জন্য আদেশের মেয়াদ বর্ধিত করে আদালত।”

আক্তার কামাল জানান, হাইকোর্টের আদেশের মধ্যেই ২০১৪ সালের ২ মে ওই জমিতে ফায়ার সার্ভিস স্টেশন ভবন নির্মাণের জন্য কক্সবাজার গণপূর্ত বিভাগ দরপত্র আহবান করে, যা জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি আকারে প্রচার করা হয়।

“এরপর ফায়ার সার্ভিস স্টেশন ভবন নির্মাণে সীমানা নির্ধারণসহ অন্যান্য কাজ শুরু করলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে হাই কোর্টে অবমাননা মামলা (৩২৩/২০১৪) দায়ের করা হয়।”

২০১৪ সালের ১১ নভেম্বর আদালত উক্ত মামলা বিচারের জন্য গ্রহণ করে বিবাদীদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার কার্যক্রম শুরু করা হবে না তা জানতে চেয়ে ২ সপ্তাহের রুল জারি করে বলে জানান আক্তার।

“কিন্তু এরপরও ওই জমিতে ফায়ার সার্ভিস স্টেশন ভবন নির্মাণ কাজ অব্যাহত রাখা হয়।”

ক্ষতিগ্রস্ত এই পরিবার তাদের এই বিপুল ক্ষতির হাত থেকে রক্ষার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে মামলায় বাদীপক্ষের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত অবমাননার মামলাটি বর্তমানে হাই কোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি জাফর আহমেদের দ্বৈত বেঞ্চে চূড়ান্ত শুনানির জন্য অপেক্ষামান রয়েছে।

“সরকার ইচ্ছে করলেই ভূমি অধিগ্রহণ করতে পারে না। মালিকানা বা স্বত্ত্ব যারই হোক না কেন তর্কিত ভূমির বিরোধ মীমাংসা করেই অধিগ্রহণ কার্যাদি সম্পন্ন করতে হয়।”

তিনি বলেন, যেহেতু, উল্লেখিত ভূমি সরকারি কোনো আদেশ দ্বারা অধিগ্রহণ করা হয়নি, তাই অধিগ্রহণ ছাড়া সরকার ব্যক্তি মালিকানাধীন এই ভূমি জোরপূর্বক সরকারি কাজে ব্যবহার করতে পারে না।

এ ব্যাপারে গণপূর্ত বিভাগ কক্সবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. তসলিম উদ্দিন জমাদারের সঙ্গে কথা বললে তিনি বিষয়টি নিয়ে উপ-বিভাগীয় প্রকৌশলী প্রদীপ কুমার বড়ুয়ার সঙ্গে কথা বলতে বলেন।

প্রদীপ কুমার বড়ুয়া আদালত অবমাননার বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, নতুন কর্মস্থলে তিনি যোগদান করেছেন মাত্র ২ মাস হয়। তাই ভূমি অধিগ্রহণ ও মামলার ব্যাপারে তিনি বিস্তারিত জানেন না।

তবে রামু ফায়ার সার্ভিস স্টেশন ভবন নির্মাণ কাজ বর্তমানে বন্ধ রয়েছে বলে দাবি করেন তিনি।

তবে, ইতোমধ্যেই ভবন নির্মাণের কাজ যে অধিকাংশ শেষ হয়ে গেছে সে ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেননি।